চিত্রনায়িকা পরীমনির গাড়ি ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে ঘটনাস্থলে তার গাড়িতে ভাঙচুরের কোনো চিহ্ন দেখা যায়নি বলে জানিয়েছেন সেখানে উপস্থিত সাংবাদিকরা।
সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক লাইভে এসে রাজধানীর গুলশানে মধ্যরাতে নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেন পরীমনি। তার দাবি, গুলশানের মতো এলাকায় পরিকল্পিতভাবে তার গাড়িতে হামলা চালানো হয়েছে। এ সময় দেশে নাগরিকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ঘটনার জন্য সাংবাদিকদের দায়ী করেন এই চিত্রনায়িকা। লাইভে পরীমনি জানান, হামলার শিকার হওয়ার পর প্রথমে তিনি থানায় ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
তবে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের দাবি, পুলিশ সেখানে গিয়ে পরীমনির গাড়ি অক্ষত অবস্থায় দেখতে পায়। গাড়িতে ভাঙচুরের কোনো আলামতও পাওয়া যায়নি বলে জানান তারা।
এদিকে সাংবাদিকদের অভিযোগ, পরীমনি প্রথমে তাদের উদ্দেশে মধ্যমা আঙুল প্রদর্শন করেন এবং গালিগালাজ করেন। এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা তাকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।
পরীমনির গাড়ি ভাঙচুরের অভিযোগ এবং ঘটনাস্থলে গাড়ি অক্ষত থাকার দাবি ঘিরে এভাবেই সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
জ/শা