ইরাকের কুর্দিস্তান অঞ্চলের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র খোর মোরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলায় গ্যাসক্ষেত্রটির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংরক্ষণ ট্যাংকে আগুন ধরে যাওয়ার পর উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এতে অঞ্চলটির বিদ্যুৎ উৎপাদনেও বড় ধরনের প্রভাব পড়েছে।
রোববার (৮ নভেম্বর) সুলাইমানিয়া প্রদেশে অবস্থিত গ্যাসক্ষেত্রটিতে এ হামলা হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনটি গ্যাসক্ষেত্রের এলপিজি সংরক্ষণ ট্যাংকে আঘাত হানলে সেখানে আগুনের সূত্রপাত হয়। এ সময় নিরাপত্তার স্বার্থে গ্যাসক্ষেত্রের কর্মীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।
কুর্দিস্তান অঞ্চলের বিদ্যুৎ মন্ত্রণালয়ের দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ড্রোন হামলার পর গ্যাসক্ষেত্রটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। হামলায় সৃষ্ট আগুন তখনো জ্বলছিল।
এদিকে নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র জানিয়েছে, হামলার পর গ্যাসক্ষেত্রটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। বিদ্যুৎ মন্ত্রণালয়ের সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, কর্মীদের গ্যাসক্ষেত্রের স্থাপনার ভেতরে থাকা আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ আলী আল-জায়েদি জানিয়েছেন, হামলার ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কুর্দিস্তান অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়, হামলার ক্ষয়ক্ষতি ও প্রভাব যতটা সম্ভব সীমিত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। তবে এখন পর্যন্ত হামলার দায় কোনো পক্ষ স্বীকার করেনি।
খোর মোর গ্যাসক্ষেত্র থেকে কুর্দিস্তান অঞ্চলের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয়। অঞ্চলটির বিদ্যুৎ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলার কারণে প্রায় ২ দশমিক ৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে।
উল্লেখ্য, গ্যাসক্ষেত্রটির যৌথ পরিচালনাকারী প্রতিষ্ঠান ডানা গ্যাস গত জুলাইয়ে নিরাপত্তা হুমকি ও আঞ্চলিক উত্তেজনার কারণে এর প্রধান উৎপাদন স্থাপনাগুলোর কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। তবে কয়েক দিন পর আবারও উৎপাদন শুরু করা হয়।
জ/শা