বাংলা সিনেমার মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি তিনি। মা মুনমুন সেনও চলচ্চিত্রজগতের পরিচিত মুখ। পরিবারের সেই অভিনয়-ঐতিহ্য ধরে রেখে রাইমা সেন নিজেও জায়গা করে নিয়েছেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায়। ক্যারিয়ারে উপহার দিয়েছেন বেশ কিছু প্রশংসিত সিনেমা।
আজ রাইমা সেনের জন্মদিন। মজার বিষয়, একই দিনে জন্মদিন টালিউডের আরেক অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তেরও। দুজনের মধ্যে রয়েছে বেশ ভালো বন্ধুত্ব। বিশেষ এই দিনে একে অপরকে নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজারে।
রাইমাকে নিয়ে ঋতুপর্ণা লিখেছেন, “আমার আর রাইমার একই দিনে জন্মদিন। তাই আমরা খানিক একরকম। আমরা দু’জনেই খুব মিশুক। মানুষের সঙ্গে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব করি, মিলেমিশে যাই। আমরা আসলে পরিবারের মতোই হয়ে গিয়েছি। আমি আর রাইমা যখন ‘অনুরণন’ করলাম, তখন আমাদের মধ্যে বন্ধুত্ব অনেক গাঢ় হয়ে গিয়েছিল। আমরা দু’জনে ভীষণ মজাও করেছি।”
রাইমার সঙ্গে প্রায়ই আড্ডা হয় বলেও জানিয়েছেন ঋতুপর্ণা। তাঁর কথায়, “ওর মনটাও ভীষণ ভালো, শিশুর মতো। আমার মা আর ওর বাবা, এই নভেম্বরেই চলে গিয়েছেন। আমার মায়ের মৃত্যুর পর প্রথমে রাইমাই এসেছিল আমার সঙ্গে দেখা করতে। সঙ্গে মুনমুন সেনও এসেছিলেন। আমাদের হয়তো রোজ দেখা হয় না, কিন্তু কোথাও একটা বন্ডিং আছে। আমরা প্রচুর পার্টিও করি।”
বর্তমানে ৪৭ বছর বয়সী রাইমা সেন এখনো বিয়ে করেননি। বন্ধুর জন্মদিনে ঋতুপর্ণার প্রত্যাশা, রাইমার জীবনেও দ্রুত আসুক মনের মতো একজন জীবনসঙ্গী।
এ প্রসঙ্গে ঋতুপর্ণা লিখেছেন, “ও খুব প্রাণবন্ত। ওকে শুভেচ্ছা। এখন জীবনে যেন ও সবকিছু পায়। ও যখন যে কাজটা করে, সেটা খুব মন দিয়ে করে। শুধু আমার মনে হয় যে, ব্যক্তিগত সিদ্ধান্ত ওর একটু ভেবে নেওয়া উচিত। আমি চাই ওর জীবনে খুব তাড়াতাড়ি এক জন ‘প্রিন্স চার্মিং’ আসুক।” সূত্র: আনন্দবাজার
জ/দি