অপরাধচক্রের বিরুদ্ধে সংবাদ, সাংবাদিককে অপহরণ-নির্যাতনের অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক

অপরাধ

মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অপরাধী চক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মোহাম্মদ রাজেশ গনিকে পরিকল্পিতভাবে অপহরণ, অস্ত্রের মুখে জিম্মি ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ভিডিও ধারণ এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ব্ল্যাকমেইল করারও অভিযোগ করেছেন তিনি। নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এই সাংবাদিক।

2026-11-10T19:02:07+06:00
2026-11-10T19:02:07+06:00
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
Advertisement
অপরাধ
অপরাধচক্রের বিরুদ্ধে সংবাদ, সাংবাদিককে অপহরণ-নির্যাতনের অভিযোগ
অস্ত্রের মুখে জিম্মি করে মারধর, জোর করে ভিডিও ধারণ
জ্যেষ্ঠ প্রতিবেদক
⏲ ৭:০২ পিএম | ১০ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
ছবি- জবাবদিহি
Advertisement
মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অপরাধী চক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মোহাম্মদ রাজেশ গনিকে পরিকল্পিতভাবে অপহরণ, অস্ত্রের মুখে জিম্মি ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ভিডিও ধারণ এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ব্ল্যাকমেইল করারও অভিযোগ করেছেন তিনি। নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এই সাংবাদিক।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন বৈশাখী নিউজ ২৪-এর রিপোর্টার রাজেশ গনি। তিনি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের একজন গেজেটভুক্ত যোদ্ধা।

লিখিত বক্তব্যে রাজেশ গনি জানান, দীর্ঘদিন ধরে রাজধানীর হাজারীবাগ, লালবাগ ও চকবাজারসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তথ্য সংগ্রহ এবং সংবাদ প্রকাশ করে আসছেন তিনি। এসব প্রতিবেদন প্রকাশের পর কথিত চাঁদাবাজ সোহেল আহমেদ ও তাঁর সহযোগীদের হুমকির মুখে পড়েন। একপর্যায়ে তাঁকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে অজ্ঞাত স্থানে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

রাজেশের অভিযোগ, সেখানে তাঁকে মারধর ও শারীরিকভাবে নির্যাতন করা হয়। অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ভিডিও ধারণের পর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাঁকে ব্ল্যাকমেইল এবং সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে। তাঁর দাবি, অপরাধী চক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশ বন্ধ করতে এবং তাঁকে চাপে রাখতেই এ ধরনের কর্মকাণ্ড চালানো হয়েছে।

সংবাদ সম্মেলনে গত ৩০ অক্টোবর বাংলাভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত একটি প্রতিবেদন নিয়েও আপত্তি জানান তিনি। প্রতিবেদনটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও খণ্ডিত তথ্যনির্ভর দাবি করে এর নিরপেক্ষ তদন্তের পাশাপাশি নিজের বক্তব্য প্রচারের সুযোগ দেওয়ার আহ্বান জানান।

রাজেশ গনি বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যেন চাঁদাবাজি কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে জন্য সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি। একই সঙ্গে তাঁর ওপর হামলা, অপহরণ, নির্যাতন ও সাইবার হয়রানির অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, ‘আমি কারও বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ চাই না। একজন সাংবাদিক হিসেবে অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছি। আমি চাই সত্য উদ্ঘাটিত হোক, অপরাধীদের বিচার হোক এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত হোক। আমার হাতে অস্ত্র নেই, আছে কলম। আমি প্রতিশোধ নয়, ন্যায়বিচার চাই।’

সংবাদ সম্মেলন থেকে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুরো ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান তিনি। একই সঙ্গে সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিক যাতে অপহরণ, নির্যাতন, হুমকি কিংবা ডিজিটাল হয়রানির শিকার না হন, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।


জ/বা


  বিষয়:   অপরাধ  অপহরণ  নির্যাতন 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত