জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) আজ সোমবার তুরস্কের পর্যটননগরী আনতালিয়ায় শুরু হচ্ছে। এ সম্মেলনে অংশ নিতে আগামীকাল মঙ্গলবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্ক সরকারের আমন্ত্রণে তার এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
ভূমধ্যসাগরীয় উপকূলের আনতালিয়া এক্সপো সেন্টারে আয়োজিত সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে আগামী ১১ ও ১২ নভেম্বর অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দুটি পৃথক পর্বে বক্তব্য দেবেন। সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকেরও কথা রয়েছে।
এ ছাড়া সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন দেশের প্রতিনিধি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব বৈঠকের সময়সূচি নিয়ে আজ আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সরকারের সংশ্লিষ্ট সূত্র ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, এবারের কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছে পর্যাপ্ত অনুদানভিত্তিক অর্থায়ন এবং সহজলভ্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা চাইবে। বিশেষ করে জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর সহযোগিতার বিষয়টি গুরুত্ব পাবে।
এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে ঋণের বোঝা না বাড়িয়ে অনুদানের পরিমাণ বাড়ানো জরুরি। বিশেষ করে উপকূলীয় অঞ্চল, হাওর, চর ও খরাপ্রবণ এলাকার সুরক্ষা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং স্থানীয় পর্যায়ে পরিচালিত অভিযোজন কার্যক্রমে বৈশ্বিক সহায়তা প্রয়োজন।
তিনি আরও বলেন, ক্ষয়ক্ষতি তহবিল থেকে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি বাস্তুচ্যুতি ও জীবিকা হারানোর মতো অ-অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় সহজে পাওয়া যায় এমন অনুদান দাবি করবে বাংলাদেশ। বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে প্রধান কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
কৃষি, শিল্প ও জ্বালানি খাতের পরিবেশবান্ধব রূপান্তরের ব্যয় নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের অধিকার এবং নারী ও তরুণদের কর্মসংস্থান সুরক্ষা জোরদারের আহ্বানও জানানো হবে বলে জানান মন্ত্রী।
আবদুল আউয়াল মিন্টু বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহ মানুষের জীবন ও জীবিকাকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে। এ সম্মেলনে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তার বিষয়গুলোকে অগ্রাধিকার দেবে।
পরিবেশবিদ ও বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা, বিপন্ন মানবতার ভবিষ্যৎ সুরক্ষা এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বিশ্বের শীর্ষ নেতারা এবারের সম্মেলনে একত্রিত হচ্ছেন। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে এতে বাংলাদেশের অংশগ্রহণ ও অবস্থান বিশেষ গুরুত্ব বহন করছে।
তুরস্কের আনতালিয়ায় সোমবার শুরু হওয়া কপ-৩১ সম্মেলন আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসিসি)-এর অধীনে আয়োজিত ‘কনফারেন্স অব দ্য পার্টিস’ বা কপ সম্মেলন বৈশ্বিক জলবায়ু কূটনীতির সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।
এবারের সম্মেলনে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়নের হার ৩৫ শতাংশে উন্নীত করা, মিথেন গ্যাসের নিঃসরণ কমানো এবং ভবন নির্মাণ খাতে জ্বালানির ব্যবহার ২৫ শতাংশ হ্রাসের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্যারিস চুক্তির আওতায় উন্নয়নশীল দেশগুলোর জন্য ক্ষতিপূরণ ও জলবায়ু অর্থায়ন বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাবে।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টা ২৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে তিনি ও তার সফরসঙ্গীরা ঢাকা ত্যাগ করবেন। বিকেলে ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছে কিছু সময় ট্রানজিটে থাকবেন। পরে অভ্যন্তরীণ ফ্লাইটে আনতালিয়ার উদ্দেশে রওনা হবেন।
প্রধানমন্ত্রীর এ সফরে সফরসঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আওয়াল, প্রেস সচিব সালেহ শিবলী এবং উপপ্রেস সচিব হাসান শিপলুসহ একটি ছোট প্রতিনিধিদল।
সফর শেষে আগামী ১২ নভেম্বর বিকেলে প্রধানমন্ত্রীর দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বলেন, তুরস্ক সরকারের আমন্ত্রণে বিশ্ব জলবায়ু সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তুরস্ক সফর করবেন। আগামীকাল মঙ্গলবার তারা তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
জ/শা