কুড়িগ্রামে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা সমাধানে স্থানীয় পর্যায়ে সামাজিক কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টায় সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের জেলেপাড়ায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের আয়োজনে অংশীজনদের নিয়ে ইন্টারেক্টিভ সেশন ও সংলাপ অনুষ্ঠিত হয়। স্থানীয় পর্যায়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং বা সামাজিক কর্মপরিকল্পনা তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কুড়িগ্রামের এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার সহকারী স্বাস্থ্য পরিদর্শক ফজলুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচগাছী ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক শেখ নুর মোহাম্মদ, ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মো. আব্দুর রাজ্জাক, যুব ফোরামের সদস্য খাদেমুল ইসলাম ও সুর্জিনা খাতুন। এ ছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কমিউনিটি ফ্যাসিলিটেটর মো. খোরশেদুল ইসলাম ও মো. সাগর ইসলাম উপস্থিত ছিলেন।
সংলাপে মাতৃস্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন সমস্যা, গর্ভকালীন ও প্রসবকালীন স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা, নবজাতকের প্রয়োজনীয় যত্ন, শিশুদের টিকাদান ও পুষ্টি, অপুষ্টি প্রতিরোধ এবং কিশোর-কিশোরীদের প্রজননস্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
আলোচনার মাধ্যমে স্থানীয় জনগণের মতামত ও বাস্তবতাকে গুরুত্ব দিয়ে একটি কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং বা সামাজিক কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, ‘স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো স্বাস্থ্য কর্মসূচিই দীর্ঘমেয়াদে সফল করা সম্ভব নয়।’ তাই জনগণের মতামত ও স্থানীয় পরিস্থিতি বিবেচনায় নিয়ে সামাজিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
জ/দি