বিগত সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। রাজনৈতিক বিবেচনায় এখনো যেসব মামলা রয়েছে, সেগুলো প্রত্যাহারের জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান আইনমন্ত্রী।
মো. আসাদুজ্জামান বলেন, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়।
তিনি জানান, জেলা পর্যায়ের কমিটিগুলো মামলা প্রত্যাহারের আবেদনপত্র, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের সত্যায়িত অনুলিপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে। কোনো মামলা রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে কি না, জনস্বার্থে সেটি পরিচালনা করা প্রয়োজন কি না এবং মামলা চলমান থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে কি না-এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রত্যাহারের সুপারিশ করে কমিটিগুলো।
আইনমন্ত্রী আরও জানান, জেলা কমিটিগুলোর সুপারিশ যাচাই-বাছাই করে মামলা প্রত্যাহারের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার জন্য একই বছরের ৮ মার্চ তাঁকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
তিনি বলেন, মামলা প্রত্যাহারের আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে কোনো মামলা হয়রানিমূলক বলে প্রতীয়মান হলে তা প্রত্যাহারের বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে সংসদে অপর এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী জানান, বিগত সময়ে সরকারি নিয়োগে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের বৈঠক শুরু হয়।
জ/দি