আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-09T08:35:24+06:00
2026-11-09T08:35:24+06:00
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:৩৫ এএম | ৯ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ সোমবার (৯ নভেম্বর) শুরু হচ্ছে। অধিবেশনে তিনটি অধ্যাদেশ, সরকারি বিল উত্থাপন ও সেগুলো নিয়ে আলোচনা ছাড়াও সংবিধান সংস্কার এবং গণভোটের রায় কার্যকরের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। সংসদ সচিবালয় জানিয়েছে, আগামী ১৮ নভেম্বর পর্যন্ত মোট আট দিন এ অধিবেশন চলবে।

এর আগে গতকাল রোববার (৮ নভেম্বর) বিকেলে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কর্মসূচি চূড়ান্ত করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ সংসদের অন্যান্য জ্যেষ্ঠ সদস্য ও হুইপরা।

বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, সরকারি ছুটির দিন বাদে অধিবেশনের প্রতিদিনের কার্যক্রম বিকেল ৪টা ২০ মিনিটে শুরু হবে। তবে প্রয়োজন অনুযায়ী স্পিকার অধিবেশনের সময় ও কার্যদিবসে পরিবর্তন আনতে পারবেন।

এ অধিবেশনে সরকারি বিল উত্থাপন, প্রশ্নোত্তর পর্ব এবং জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর সাধারণ আলোচনাসহ সংসদের নিয়মিত কার্যক্রম পরিচালিত হবে।

তবে অধিবেশনে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের পদ্ধতি নিয়ে সরকার ও বিরোধী দলের মতপার্থক্য। এসব বিষয়ে দুই পক্ষের অবস্থান ও আলোচনা সংসদের কার্যক্রমে বিশেষ গুরুত্ব পেতে পারে।

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবারের অধিবেশনে সংবিধান সংশোধনের কোনো বিল উত্থাপনের পরিকল্পনা নেই।

জ/শা 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত