মিশরের গিজা শহরের কাছে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০০ জনের বেশি। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দেশটির রেল কর্তৃপক্ষ জানিয়েছে, গিজা ও কায়রো থেকে দক্ষিণাঞ্চলগামী দুটি ট্রেনের সংঘর্ষে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে ঢাল বেয়ে নিচে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু হয়। প্রকাশিত ছবিতে দেখা গেছে, উল্টে যাওয়া বগির ভেতরে আহত যাত্রীদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
এ ঘটনায় মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন। দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি। দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে অনেকেই হাড় ভাঙা ও মাথায় আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মধ্যে একটি ট্রেনের চালকও রয়েছেন।
রেল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন কায়রো থেকে আসওয়ানগামী দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়।
দুর্ঘটনার পর গিজা থেকে মিশরের দক্ষিণাঞ্চলগামী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত বগিগুলো সরিয়ে নিতে ঘটনাস্থলে ক্রেন পাঠানো হয়েছে। তবে কখন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০০২ সালে একই এলাকার কাছাকাছি মিশরের অন্যতম ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। সে সময় কায়রো থেকে লুক্সরগামী একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে সরকারি হিসাব অনুযায়ী ৩৭০ জনের বেশি মানুষ নিহত হন।
সর্বশেষ দুর্ঘটনার পর দেশটির পরিবহনমন্ত্রীর পদত্যাগের দাবিও উঠেছে। সূত্র: বিবিসি
জ/শা