পরিচালনাকারী যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানের অর্থ ফুরিয়ে যাওয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় আটকে পড়া বিলাসবহুল প্রমোদতরি ‘ওডিসি’ সিঙ্গাপুরে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (৯ নভেম্বর) দেশটির মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি (এমপিএ) এ তথ্য জানিয়েছে।
কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর পাওনাদারদের আবেদনের পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুরের একটি আদালতের আদেশে জাহাজটি গ্রেপ্তার করা হয়। এ প্রক্রিয়ায় সলিসিটর হিসেবে কাজ করেছে আইন সংস্থা ‘হেলমসম্যান এলএলসি’ (Helmsman LLC)।
বিশ্বজুড়ে অবিরাম ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করা ‘ওডিসি’ রোববার (৮ নভেম্বর) কম্বোডিয়া থেকে সিঙ্গাপুরে পৌঁছালে সেটিকে গ্রেপ্তার করা হয়। এর আগে কম্বোডিয়াতেই জাহাজটির প্রায় ২০০ যাত্রীকে নেমে যেতে বলা হয়েছিল।
এমপিএ এক বিবৃতিতে জানায়, আদালতের নির্দেশে জাহাজটিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সংস্থাটি। বিবৃতিতে আরও বলা হয়, জাহাজে থাকা নাবিক ও কর্মীরা ভালো আছেন। তাঁদের নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন জাহাজটির পাওনাদাররা। বর্তমানে জাহাজে কোনো যাত্রী নেই।
এমপিএ জানিয়েছে, জাহাজটি বর্তমানে সিঙ্গাপুর বন্দরের জলসীমায় নোঙর করে রাখা হয়েছে।
সিঙ্গাপুর আদালতের (এসজি কোর্টস) ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তার করা জাহাজের তালিকায় দেখা যায়, রোববার সকালে চাঙ্গি জেনারেল পারপাস অ্যাঙ্করেজে ‘ওডিসি’কে গ্রেপ্তার করা হয়। এ প্রক্রিয়ায় আইনজীবী হিসেবে কাজ করেছে ‘হেলমসম্যান এলএলসি’। তবে প্রতিষ্ঠানটি ঠিক কোন পক্ষের প্রতিনিধিত্ব করছে, তা স্পষ্ট নয়।
গত মাসে নির্ধারিত যাত্রাবিরতির অংশ হিসেবে জাহাজটি কম্বোডিয়ার সিহানুকভিল বন্দরে পৌঁছায়। তবে যাত্রা শুরুর দুই বছর পর পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ভিলা ভি রেসিডেন্সেস’ হঠাৎ করে ‘ওডিসি’র কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়। এতে সিহানুকভিল বন্দরে যাত্রীদের জাহাজ থেকে নেমে যেতে হয়।
‘ভিলা ভি রেসিডেন্সেস’-এর দাবি, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার কারণে জ্বালানি ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়।
বিশ্বভ্রমণের এ আয়োজনকে তুলনামূলক সাশ্রয়ী প্রমোদভ্রমণ হিসেবে প্রচার করা হয়েছিল। এতে যাত্রীরা ছুটি কাটানোর জন্য কিংবা আজীবনের আবাসন হিসেবে জাহাজের কেবিন কিনতে বা ভাড়া নিতে পারতেন। কয়েকজন যাত্রী জানিয়েছেন, এ ভ্রমণের খরচ জোগাতে তাঁরা নিজেদের সব সম্পদ বিক্রি করে দিয়েছিলেন।
জাহাজে থাকা যাত্রীদের মালপত্র গুছিয়ে নেওয়ার জন্য মাত্র সাত ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। এরপর ২০০ মিটার দীর্ঘ জাহাজটি থেকে তাঁদের নেমে যেতে বলা হয়।
পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ভিলা ভি’ জানিয়েছে, এশিয়ার বিভিন্ন অঞ্চলে প্রতি কেবিনের মাসিক জ্বালানি ব্যয় আগে গড়ে ১ হাজার ৮০০ মার্কিন ডলার ছিল। পরে তা বেড়ে ৬ হাজার থেকে ৮ হাজার মার্কিন ডলারে দাঁড়ায়। জাহাজটিতে ২০৩ জন অতিথি এবং ১৫৬ জন ক্রু ছিলেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ভিলা ভি রেসিডেন্সেসের মালিকানাধীন ‘ওডিসি’ ২০২৪ সালের অক্টোবরে উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট থেকে বিশ্বভ্রমণ শুরু করেছিল। সূত্র: সিএনএ।
জ/দি