ইরানে নতুন হামলা না চালাতে ট্রাম্পকে এরদোয়ানের অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-09T19:04:16+06:00
2026-11-09T19:04:16+06:00
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ইরানে নতুন হামলা না চালাতে ট্রাম্পকে এরদোয়ানের অনুরোধ
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৭:০৪ পিএম | ৯ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
ইরানে নতুন করে কোনো সামরিক হামলা না চালাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে বিভিন্ন দেশ যখন কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে, তখনই ট্রাম্পকে এ অনুরোধ জানান তিনি।

আজ সোমবার (৯ নভেম্বর) আঙ্কারায় এক সম্মেলনে তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন এ তথ্য জানান।

তিনি বলেন, গত শনিবার টেলিফোনে কথা বলার সময় ট্রাম্পের কাছে ইরানে নতুন করে হামলা না চালানোর অনুরোধ জানান এরদোয়ান। কালিন সতর্ক করে বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের যেকোনো হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে ভয়াবহ সহিংসতার চক্র তৈরি করতে পারে।

তুরস্কসহ আঞ্চলিক মধ্যস্থতাকারীরা সাত দফার একটি চুক্তি বাস্তবায়নে অগ্রগতি অর্জন করছে বলেও জানান তিনি। তাঁর ভাষায়, প্রস্তাবিত চুক্তিটি হবে ন্যায়সংগত।

চুক্তির প্রস্তাব অনুযায়ী, ইরান নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবে এবং বিদেশে আটকে থাকা বা জব্দ করা তহবিলে প্রবেশাধিকার ফিরে পাবে। এর বিনিময়ে তেহরান পারমাণবিক অস্ত্র অর্জন না করার প্রতিশ্রুতি দেবে। পাশাপাশি পৃথক পারমাণবিক আলোচনা শুরুর লক্ষ্যে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে কাজ করতে সম্মত হবে। এরপর ইরান হরমুজ প্রণালি খুলে দেবে বলে জানান কালিন।

তুরস্কের গোয়েন্দা প্রধান আরও বলেন, চুক্তির ক্ষেত্রে এখন মূল আলোচনা হচ্ছে-কোন পক্ষ প্রথম পদক্ষেপ নেবে। এই বিষয়টিতেই প্রক্রিয়াটি আটকে আছে। সামান্য কোনো ঘটনাও পুরো অঞ্চলকে নতুন সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেন তিনি।

আগামী কয়েক দিনের মধ্যে চুক্তিটি চূড়ান্ত করা না গেলে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন কালিন। আলোচনার অগ্রগতি নিশ্চিত করতে ইরানকে আরও নমনীয় হওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে কপ৩১ জলবায়ু সম্মেলনের ফাঁকে আঙ্কারায় আঞ্চলিক নেতাদের স্বাগত জানানোর কথা রয়েছে এরদোয়ানের। এ আয়োজনকে প্রস্তাবিত চুক্তির বিষয়ে অগ্রগতি অর্জনের সম্ভাব্য সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

এ ছাড়া আগামী সপ্তাহে কাতার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ির মধ্যে বৈঠকের আয়োজন করবে বলে জানান কালিন। তাঁর মতে, এ বৈঠক মধ্যপ্রাচ্যে চলমান কূটনৈতিক আলোচনায় বড় অগ্রগতি আনতে পারে। সূত্র: মিডল ইস্ট আই

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত