যুক্তরাষ্ট্রের নতুন করে বড় ধরনের সামরিক হামলার হুমকির মধ্যে ইরানে অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করছে দেশটির কর্তৃপক্ষ। সরকারবিরোধী বিক্ষোভে কঠোর শাস্তির হুঁশিয়ারির পাশাপাশি জনসমাগমস্থল, তরুণদের আড্ডা ও সামাজিক কর্মকাণ্ডের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে ইরানের আদর্শ ও শাসনব্যবস্থার প্রতি অনড় অবস্থান তুলে ধরতে রাজপথে সরকারপন্থীদের তৎপরতাও বাড়ানো হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আট মাসের যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের আরও বড় পরিসরে হামলার আশঙ্কার মধ্যে তেহরান এমন বার্তা দিতে চাইছে যে, কোনো ধরনের চাপের মুখেই তারা নিজেদের মূলনীতি থেকে সরে আসবে না।
কাতার বিশ্ববিদ্যালয়ের গালফ স্টাডিজ সেন্টারের পরিচালক মাহজুব জুয়েরি বলেন, উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও সরকারপন্থীদের প্রকাশ্যে সংগঠিত করতে সক্ষম হয়েছে ইরানি কর্তৃপক্ষ। এসব কর্মসূচিতে বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্যদের পাশাপাশি সাধারণ নাগরিকরাও অংশ নিচ্ছেন।
সরকারবিরোধী অবস্থানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে গত রোববার জানুয়ারির বিক্ষোভে গ্রেপ্তার তিন তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরানের বিচার বিভাগ। তাঁদের বিরুদ্ধে সরকারি স্থাপনায় হামলা ও সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছিল।
তবে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, দেশটিতে রাজনৈতিক মামলার ক্ষেত্রে নির্যাতন, জোরপূর্বক স্বীকারোক্তি আদায় এবং যথাযথ বিচারপ্রক্রিয়া অনুসরণ না করার ঘটনা ঘটছে।
নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেঙ্গাওয়ের হিসাব অনুযায়ী, চলতি বছর ইরানে অন্তত ৭৯ জন রাজনৈতিক ও ধর্মীয় বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁদের মধ্যে ৪০ জন জানুয়ারির বিক্ষোভের সময় গ্রেপ্তার হয়েছিলেন।
এদিকে গত ৩০ অক্টোবর তেহরানের ইরানশাহর সড়কে হ্যালোইন উদযাপনে অংশ নেওয়া কয়েক শ তরুণ-তরুণীর জমায়েত ছত্রভঙ্গ করে নিরাপত্তাকর্মীরা। এ সময় কয়েকটি ক্যাফে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি মারধর ও আটকের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। পরে একই এলাকায় সরকারপন্থীদের জন্য স্টল ও সমাবেশের আয়োজন করা হয়।
নারীদের পোশাকবিধি নিয়েও কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে কর্তৃপক্ষ। ২০২২-২৩ সালে মাহসা আমিনিকে কেন্দ্র করে আন্দোলনের পর তেহরানসহ বিভিন্ন শহরে অনেক নারী প্রকাশ্যে হিজাব পরা বন্ধ করেন। তবে সরকার আবারও এ বিষয়ে নিয়ন্ত্রণ জোরদারের চেষ্টা করছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধের পাশাপাশি অর্থনৈতিক সংকট ও জীবনযাত্রার মানের অবনতির কারণে তরুণদের মধ্যে অসন্তোষ বাড়ছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে অনেক ইরানি সরকারবিরোধী প্রতিবাদে অংশ নেওয়াকে বিদেশি শক্তির পক্ষ নেওয়া হিসেবে বিবেচিত হওয়ার আশঙ্কাও করছেন।
যুদ্ধের অবসানে সমঝোতা হবে, নাকি সংঘাত আরও বিস্তৃত হবে-তার ওপরই ইরানের ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অনেকাংশে নির্ভর করছে। সূত্র: আল-জাজিরা
জ/দি