যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান ঘটাতে সরকারকে নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ইরানের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সর্বোচ্চ নেতার নতুন নির্দেশনার ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে চলমান সংঘাতের অবসানের সম্ভাবনা আবারও সামনে এসেছে।
পেজেশকিয়ান বলেন, সর্বোচ্চ নেতা তাঁদের দীর্ঘদিনের অচলাবস্থা থেকে বেরিয়ে আসার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “সর্বোচ্চ নেতা আমাদের যুদ্ধও নয়, শান্তিও নয়-এমন পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন।”
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, মর্যাদা বজায় রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা এবং সম্মানজনকভাবে সমস্যার সমাধান করা সম্ভব। তাঁর ভাষায়, “আমরা মর্যাদার সঙ্গে আলোচনা করতে পারি এবং মর্যাদার সঙ্গেই বিষয়টির সমাপ্তি ঘটাতে পারি।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আবারও পূর্ণমাত্রার সামরিক হামলা শুরুর হুমকি দেওয়ার পর তেহরান কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। নতুন করে সংঘাত শুরুর আশঙ্কার মধ্যে দুই দেশের উত্তেজনা প্রশমনে আঞ্চলিক দেশগুলোও মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে।
এর আগে গত ২ নভেম্বর পেজেশকিয়ান জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য সর্বোচ্চ নেতা তাঁর সরকারকে বিশেষ ক্ষমতা দিয়েছেন। তবে ওই ক্ষমতার পরিধি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এদিকে দুই দেশের মধ্যে মতপার্থক্য এখনও যথেষ্ট গভীর। ইরান যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, তেলসহ বিভিন্ন খাতে নিষেধাজ্ঞা শিথিল এবং বিদেশে জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করার দাবি জানিয়ে আসছে। পাশাপাশি সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের নিশ্চয়তাও চায় তেহরান।
অন্যদিকে, ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে ছাড় দেওয়ার দাবি জানাচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হয়। পরবর্তী সময়ে পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে ১৪ দফা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও তা বাস্তবায়ন নিয়ে মতবিরোধ এবং নতুন করে সামরিক উত্তেজনার কারণে স্থায়ী সমাধান আসেনি।
বর্তমানে কাতার, পাকিস্তানসহ কয়েকটি দেশ তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। তবে নতুন করে আলোচনা শুরু হলেও তা কতটা সফল হবে, সেটি নির্ভর করছে দুই পক্ষের শর্ত এবং ছাড় দেওয়ার মানসিকতার ওপর। সূত্র: আল-জাজিরা
জ/দি