এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল

নিউজ ডেস্ক

শিক্ষা

2026-11-08T08:59:26+06:00
2026-11-08T08:59:26+06:00
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
Advertisement
শিক্ষা
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
নিউজ ডেস্ক
⏲ ৮:৫৯ এএম | ৮ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। অনলাইনে কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ে আবেদন করতে না পারা শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে, কারিগরি ত্রুটির কারণে অনলাইনে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়া শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিঘ্নিত হয়।

এর ফলে অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি। বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদনের পূর্বনির্ধারিত শেষ সময় ছিল ৭ নভেম্বর রাত ১২টা। সেটি পরিবর্তন করে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর থেকে এইচএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। শনিবার (৭ নভেম্বর) রাত ৮টায় এ প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল।

নির্ধারিত সময়ের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন মোট ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী। তাঁদের প্রত্যেকে একাধিক বিষয় ও পত্রের উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। সব মিলিয়ে জমা পড়া আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি।

তবে আবেদনের সময় বাড়ানোর সিদ্ধান্তের ফলে কারিগরি সমস্যার কারণে আগে আবেদন করতে না পারা শিক্ষার্থীরাও নতুন নির্ধারিত সময় অনুযায়ী আবেদন করার সুযোগ পাচ্ছেন।

জ/শা 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত