ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-08T08:45:45+06:00
2026-11-08T08:45:45+06:00
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৮:৪৫ এএম | ৮ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
ইসরাইলে নতুন জোট সরকার গঠনের জন্য বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকটকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। সর্বশেষ নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা আইজেনকটের নেতৃত্বাধীন কোনো পক্ষই পার্লামেন্ট নেসেটে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সরকার গঠনের জন্য আইজেনকট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজন হলে এ সময়সীমা আরও ১৪ দিন বাড়ানোর সুযোগ রয়েছে। দেশটির সাবেক সেনাপ্রধান আইজেনকট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেন, ‘এখন সময় এসেছে একটি জাতীয় জরুরি সরকার গঠনের। জনগণের বিশ্বাসের প্রতি পূর্ণ সম্মান রেখে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।’

ইসরাইলের রাজনৈতিক ব্যবস্থায় কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় দেশটিতে জোট সরকারের প্রচলন দীর্ঘদিনের। ১২০ আসনের নেসেটে এবারের নির্বাচনে নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টি এবং তার অতি-ডানপন্থি ও আল্ট্রা-অর্থোডক্স মিত্ররা পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, আইজেনকটের মধ্যপন্থি ‘ইশার’ পার্টি এবং তার নেতৃত্বাধীন ব্লকের অন্য তিনটি বিরোধী দল সম্মিলিতভাবে পেয়েছে ৪৮টি আসন।

এবারের নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে দুটি আরব জোট—ইউনাইটেড আরব লিস্ট ও জয়েন্ট লিস্ট। আরব ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় জোট দুটি সম্মিলিতভাবে রেকর্ড ১৯টি আসনে জয় পেয়েছে। এর ফলে সরকার গঠনের সমীকরণে আরব দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সম্ভাব্য কিংমেকার হিসেবে আবির্ভূত হয়েছে। যদিও একটি ব্যতিক্রম ছাড়া ইহুদি রাজনৈতিক দলগুলোর প্রায় সবকটিই নির্বাচনের আগে আরব দলগুলোর সঙ্গে সরকার গঠন না করার প্রতিশ্রুতি দিয়েছিল।

সপ্তাহজুড়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে প্রেসিডেন্ট হারজোগ জানান, সরকার গঠনের প্রথম সুযোগ আইজেনকটকে দেওয়া হবে। প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ সিদ্ধান্তের বিষয়টি আইজেনকট ও নেতানিয়াহু—দুজনকেই জানানো হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, নবনির্বাচিত নেসেট সদস্যদের মধ্যে আইজেনকটের প্রতি সমর্থন জানিয়েছেন ৬৭ জন আইনপ্রণেতা। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সমর্থন জানিয়েছেন ৪৬ জন।

ইসরাইলের আইন অনুযায়ী, নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাওয়া দলের নেতাকেই যে সরকার গঠনের দায়িত্ব দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। বরং কে জোট গঠনে বেশি সক্ষম, তা বিবেচনা করে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পূর্ণ এখতিয়ার রয়েছে প্রেসিডেন্টের।

নির্বাচনের ফলাফলে সরকার গঠনের ক্ষেত্রে আপাতত তিনটি সম্ভাব্য পথ দেখা যাচ্ছে। প্রথমত, নেতানিয়াহু ও আইজেনকটের সমন্বয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন। দ্বিতীয়ত, নেতানিয়াহুর নেতৃত্বে ডানপন্থি জোটের সরকার প্রতিষ্ঠা, যার জন্য আইজেনকটের জোটের কয়েকজন সংসদ সদস্যকে নিজেদের পক্ষে আনতে হতে পারে। তৃতীয়ত, আরব দলগুলোর সমর্থন নিয়ে আইজেনকটের নেতৃত্বে নতুন সরকার গঠন।

তবে আইজেনকট ও তার জোটের প্রায় সব সদস্যই এখন পর্যন্ত আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করে এসেছেন। যদিও এ বিষয়ে রাজনৈতিক অঙ্গনে পর্দার আড়ালে কোনো সমঝোতার চেষ্টা চলছে কি না, তা নিয়ে আলোচনা রয়েছে।

এ ছাড়া আইজেনকট আল্ট্রা-অর্থোডক্স দলগুলোর সঙ্গে সমঝোতার উদ্যোগ নিতে পারেন। তবে রাজনৈতিক অবস্থান ও জোটের সমীকরণের কারণে এ ধরনের চুক্তি করাও বেশ কঠিন বলে মনে করা হচ্ছে।

ইসরাইলে জাতীয় ঐক্যের সরকার গঠনের নজির অবশ্য আগেও রয়েছে। ২০২০ সালে পরপর তিনটি নির্বাচন রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি করলে নেতানিয়াহু এবং তার তৎকালীন প্রতিদ্বন্দ্বী বেনি গ্যান্টস ক্ষমতা ভাগাভাগির ভিত্তিতে একটি চুক্তিতে পৌঁছান। ওই চুক্তিতে নির্দিষ্ট সময় পর প্রধানমন্ত্রীর দায়িত্ব এক পক্ষ থেকে অন্য পক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা রাখা হয়েছিল, যা রোটেশনাল গভর্নমেন্ট হিসেবে পরিচিত।

এদিকে, নতুন করে নির্বাচন এড়ানো এবং দেশটিতে স্থিতিশীল সরকার প্রতিষ্ঠার ওপর শুরু থেকেই গুরুত্ব দিয়ে আসছেন প্রেসিডেন্ট হারজোগ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সময় তিনি বলেন, ‘বর্তমান বাস্তবতায় দল ও তাদের প্রতিনিধিদের বুঝতে হবে—সব প্রতিশ্রুতি ও অঙ্গীকার সব সময় রক্ষা করা সম্ভব হয় না।’

উল্লেখ্য, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ইসরাইল চরম রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যায়। নেতানিয়াহু ও তার বিরোধীদের মধ্যে সমঝোতা না হওয়ায় ওই তিন বছরে দেশটিতে পাঁচবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

জ/শা 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত