ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে। পরে সন্দেহভাজন একজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ককটেল বিস্ফোরণের পরপরই টিএসসিতে অবস্থানরত শিক্ষার্থীরা সন্দেহভাজন ব্যক্তিকে ধরতে ধাওয়া করেন। একপর্যায়ে তাঁকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।
এর আগে রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থান ছাড়াও রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণ এবং মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে, উপাচার্য চত্বর, নীলক্ষেতসংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণ, টিএসসি, জগন্নাথ হলের সামনের এলাকা, ডাকসুর সামনে এবং শাহবাগে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এসব ঘটনার পর শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা তিনজনকে আটক করেন। পরে তাঁদের শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জ/দি