তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তে পিবিআই

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-09T09:11:35+06:00
2026-11-09T09:11:35+06:00
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তে পিবিআই
বিনোদন ডেস্ক
⏲ ৯:১১ এএম | ৯ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
শাড়িকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার ফেসবুকে আপত্তিকর ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। ঢাকার একটি আদালতে মামলাটি দায়ের করেছেন ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকা চৌধুরী।

রোববার (৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে মামলাটি করা হয়। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৮ অক্টোবর বাদীর পক্ষে তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল।

মামলার অভিযোগে বলা হয়েছে, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তানজিন তিশার বিরুদ্ধে বাদীর করা দুটি পৃথক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। এসব মামলা দায়েরের পর প্রতিহিংসার বশবর্তী হয়ে গত ২৭ অক্টোবর তানজিন তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাদীকে নিয়ে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য প্রকাশ করতে থাকেন। পাশাপাশি বাদীর বিষয়ে বিভিন্ন তথ্য গণমাধ্যমের কাছে ভুলভাবে উপস্থাপন করেন বলেও অভিযোগ করা হয়েছে।

মামলায় আরও উল্লেখ করা হয়, গত বছরের ৭ নভেম্বর তানজিন তিশা তার ফেসবুক মেসেঞ্জার থেকে বাদীর মেসেঞ্জারে কল করে তাকে ভাইরাল করার হুমকি দেন। এ সময় তিনি বলেন, ‘ফেমাস হইলে বইল, আমি তোমার ছবি আপলোড করে দিব নে।’

অভিযোগে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর তানজিন তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজে বাদীর ছবি প্রকাশ করেন এবং তার সম্মানহানির উদ্দেশ্যে বিভিন্ন আপত্তিকর ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়ান। এর মধ্যে বাদীর অজান্তে ও অনুমতি ছাড়া একজন নারীকে চুম্বন করার ছবি প্রকাশের অভিযোগও রয়েছে। একই সঙ্গে দুজন অপ্রাপ্তবয়স্ক শিশুর ছবিও প্রকাশ করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

এ ছাড়া বাদীকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশের অভিযোগ আনা হয়েছে। সেখানে তানজিন তিশার বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়, ‘সেখানে এ দুজন এক কেন? এই দুই বোনের মিলিত হয়ে এত ঘৃণা কেন? একজনকে তো মামলার আগে দেখিওনি।’

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৭ অক্টোবর রাত ১১টার দিকে বিষয়টি বাদীর নজরে আসে। পরদিন আইনজীবীর মাধ্যমে রেজিস্ট্রি ডাকযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে প্রাপ্তির দুই দিনের মধ্যে আপত্তিকর ছবি ও তথ্য সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে সেসব ছবি ও তথ্য অপসারণ করা হয়নি বলে অভিযোগ করেছেন বাদী।

এ ছাড়া তানজিন তিশা বিভিন্ন ব্যক্তির কাছে বাদী সম্পর্কে আপত্তিকর ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে বাদী মামলা করেছেন—এমন কটূক্তি করার অভিযোগও আনা হয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে সামাজিকভাবে বাদীর সম্মানহানি হয়েছে বলে দাবি করা হয়েছে মামলায়।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে একটি মামলা করেছিলেন সানায়া আনাম। পরে গত ২৭ অক্টোবর ওই মামলা প্রত্যাহারের জন্য তাকে হুমকি দেওয়ার অভিযোগে আরও একটি মামলা দায়ের করেন তিনি। ওই মামলায় তানজিন তিশাকে আগামী ২৩ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জ/শা 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত