আগামী বছর চুক্তিবদ্ধ ৪০ কার্গোর ২৬টি সরবরাহ করবে কাতারএনার্জি

অর্থনীতি ডেস্ক

অর্থনীতি

2026-11-08T11:56:45+06:00
2026-11-08T12:42:42+06:00
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
Advertisement
অর্থনীতি
আগামী বছর চুক্তিবদ্ধ ৪০ কার্গোর ২৬টি সরবরাহ করবে কাতারএনার্জি
অর্থনীতি ডেস্ক
⏲ ১১:৫৬ এএম | ৮ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের সংঘাত এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তার কারণে ২০২৭ সালের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি পরিকল্পনায় পরিবর্তন আনছে বাংলাদেশ। আগামী বছরের জন্য চুক্তিবদ্ধ ৪০টি কার্গোর মধ্যে ২৬টি সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে কাতারএনার্জি। অর্থাৎ চুক্তির ৬৫ শতাংশ এলএনজি সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।

তবে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় অন্য সরবরাহকারীদের কাছ থেকে গ্যাস পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকায় আপাতত আগামী বছরের মার্চ পর্যন্ত আমদানি সূচি চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুরো বছরের আমদানি পরিকল্পনা চূড়ান্ত না করে মার্চ পর্যন্ত সরবরাহ সূচি তৈরির নির্দেশ দিয়েছে পেট্রোবাংলাকে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা হলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হতে পারে—এমন প্রত্যাশা থেকে আপাতত নমনীয় পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে পরবর্তী সময়ে অতিরিক্ত কার্গো সংগ্রহের সুযোগ থাকবে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, ২০২৭ সালে প্রাথমিকভাবে প্রায় ১১৫টি এলএনজি কার্গো আমদানির পরিকল্পনা ছিল বাংলাদেশের। দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় এর মধ্যে ১০৩টি কার্গো পাওয়ার কথা। তবে মোট ১২৮টি চুক্তিবদ্ধ কার্গোর মধ্যে প্রতিবেদন লেখা পর্যন্ত ৭১টির সরবরাহ নিশ্চিত হয়েছে।

কাতারএনার্জির সহযোগী প্রতিষ্ঠান কাতারএনার্জি ট্রেডিং এলএলসি ২৪টি কার্গোর বিপরীতে ১৮টি সরবরাহের প্রত্যাশা জানিয়েছে। দুই প্রতিষ্ঠান মিলিয়ে কাতার থেকে মোট ৪৪টি কার্গো আসার কথা রয়েছে।

অন্যদিকে, ওমানের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিংয়ের (ওকিউটি) কাছ থেকে ৩২টি কার্গো পাওয়ার কথা থাকলেও প্রতিবেদন লেখা পর্যন্ত প্রতিষ্ঠানটি একটিরও সরবরাহ নিশ্চিত করেনি। প্রতিষ্ঠানটি ১৬টি কার্গো দেওয়ার প্রস্তাবের পাশাপাশি বিদ্যমান ব্রেন্ট সূচকভিত্তিক মূল্য নির্ধারণের পরিবর্তে জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) অনুযায়ী দাম নির্ধারণের শর্ত দিয়েছে। তবে পেট্রোবাংলা এ প্রস্তাব প্রত্যাখ্যান করে চুক্তির শর্ত অনুসরণের আহ্বান জানিয়েছে।

এ ছাড়া গানভর ইউএসএ ২০২৭ সালে ছয়টি এবং ফ্রান্সের টোটালএনার্জিস ১২টি কার্গো সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এক্সেলেরেট গ্যাসের নির্ধারিত ১৪টি কার্গোর মধ্যে নয়টির সরবরাহ ইতোমধ্যে নিশ্চিত হয়েছে।

দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় স্পট মার্কেট থেকে তুলনামূলক বেশি দামে এলএনজি কিনতে হচ্ছে বাংলাদেশকে। এতে সরকারের আর্থিক চাপও বাড়ছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসেই এলএনজি খাতে ভর্তুকি বাবদ ব্যয় হয়েছে ১০ হাজার ৩০০ কোটি টাকা।

সরবরাহ পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারের গতিপ্রকৃতি পর্যালোচনা করে পরবর্তী সময়ে আমদানি পরিকল্পনা পুনর্নির্ধারণ করবে পেট্রোবাংলা। তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত