পরীমণির বিরুদ্ধে বিওজেএর ৫ দফা দাবি

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-08T08:55:23+06:00
2026-11-08T08:55:23+06:00
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
পরীমণির বিরুদ্ধে বিওজেএর ৫ দফা দাবি
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:৫৫ এএম | ৮ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
পেশাগত দায়িত্ব পালনের সময় এক সাংবাদিককে শারীরিকভাবে হেনস্তা, অপদস্থ ও লাঞ্ছিত করার অভিযোগ এবং পরবর্তী সময়ে ওই সাংবাদিকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিওজেএ)। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তসহ পাঁচ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

বিওজেএর পক্ষ থেকে বলা হয়েছে, তারকাখ্যাতির পরিচয়ে সাংবাদিকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ কিংবা তাঁদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার কোনো সুযোগ নেই। সাংবাদিকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিওজেএর সভাপতি জাহিদ ইকবাল এক বিবৃতিতে বলেন, পরীমণি নামের এই কথিত অভিনেত্রীর আচরণ ও কর্মকাণ্ডে শিষ্টাচার, পেশাদারত্ব এবং সামাজিক দায়বদ্ধতার ঘাটতি দেখা যাচ্ছে। তারকা পরিচয়ের কারণে কেউ কেউ এমন আচরণ করছেন, যেন তাঁদের কোনো জবাবদিহি নেই কিংবা তাঁরা আইনের ঊর্ধ্বে। তাঁদের কথাবার্তা ও আচরণে প্রকাশ পাওয়া ঔদ্ধত্য সামাজিক মূল্যবোধের জন্যও উদ্বেগজনক।

তিনি বলেন, একজন মাল্টিমিডিয়া সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ অত্যন্ত গুরুতর। এ অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে। অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তবে অভিযোগকে সামনে রেখে প্রকৃত ঘটনা আড়াল করা কিংবা কোনো সাংবাদিককে সামাজিকভাবে হেয় করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে সংশ্লিষ্ট সাংবাদিককে শারীরিকভাবে হেনস্তা করার দৃশ্য দেখা গেছে। অথচ পরবর্তী সময়ে ওই সাংবাদিকের বিরুদ্ধেই অভিযোগ তোলা হয়েছে। প্রকাশ্যে আসা ভিডিও ফুটেজে অভিযোগের সমর্থনে সুস্পষ্ট প্রমাণ দৃশ্যমান না হলেও সাংবাদিকের প্রতি অভিনেত্রীর আচরণ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

একজন সাংবাদিকের গায়ে হাত দেওয়ার দৃশ্য ভিডিওতে থাকার পরও কেন উল্টো তাঁকেই অভিযুক্ত করার চেষ্টা করা হচ্ছে, সে বিষয়েও জবাবদিহি প্রয়োজন বলে মন্তব্য করেন বিওজেএ সভাপতি।

জাহিদ ইকবাল আরও বলেন, সংশ্লিষ্ট সাংবাদিকের একটি হাতে চারটি আঙুল না থাকার বিষয়টি সামনে এসেছে। ঘটনার সময় তাঁর অন্য হাতে মোবাইল ফোন ছিল বলেও ভিডিওতে দেখা যায়। এসব বিষয়সহ ঘটনার প্রতিটি দিক তদন্তের আওতায় আনা জরুরি। কোনো পক্ষের প্রতি অন্ধ সমর্থন নয়, বরং প্রকৃত সত্য উদ্ঘাটনই তাঁদের প্রত্যাশা। ভিডিওতে দৃশ্যমান বিষয়গুলো উপেক্ষা করে একতরফাভাবে সাংবাদিককে অভিযুক্ত করার প্রবণতা মেনে নেওয়া হবে না।

বিওজেএ সভাপতি বিবৃতিতে বাংলা চলচ্চিত্রের বর্তমান সংকট ও দর্শকবিমুখতার প্রসঙ্গও তুলে ধরেন। তাঁর মতে, কিছু কথিত তারকার বিতর্কিত কর্মকাণ্ড, অশালীন আচরণ ও নেতিবাচক প্রচার চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহ কমে যাওয়ার পেছনে ভূমিকা রাখছে। শিল্পী পরিচয়ের আড়ালে কেউ সামাজিক শিষ্টাচারবহির্ভূত আচরণ করলে তাঁর জবাবদিহি থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, এসব ব্যক্তির বিলাসবহুল জীবনযাপন, বাড়ি-গাড়ি, সম্পদের উৎস এবং কথিত পৃষ্ঠপোষকতার বিষয়গুলো নিয়েও অনুসন্ধানী সাংবাদিকতার প্রয়োজন রয়েছে। কারা তাঁদের এমনভাবে প্রশ্রয় দিচ্ছেন এবং কোন প্রভাবের কারণে তাঁরা গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ ধরনের আচরণ করার সাহস পাচ্ছেন, সেসব বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

বিবৃতিতে জাহিদ ইকবাল অতীতে পরীমণির বাসা থেকে বিপুলসংখ্যক মদের বোতল উদ্ধারের ঘটনার কথাও উল্লেখ করেন। পাশাপাশি গত ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের প্রতি তাঁর প্রকাশ্যে শ্রদ্ধা নিবেদনের বিষয়টি জনপরিসরে আলোচিত হওয়ার কথা তুলে ধরেন। তিনি বলেন, কারও রাজনৈতিক অবস্থান ব্যক্তিগত বিষয় হতে পারে। তবে রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব ব্যবহার করে আইন ও জবাবদিহি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

ক্ষোভ প্রকাশ করে বিওজেএ সভাপতি বলেন, তারকাখ্যাতি অর্জনের পর অন্য মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করার অধিকার কারও তৈরি হয় না। সাংবাদিকদের নিজেদের ইচ্ছামতো ব্যবহার করার উপকরণ মনে করারও সুযোগ নেই। গণমাধ্যমকর্মীদের অপমান, শারীরিকভাবে হেনস্তা কিংবা উল্টো অভিযোগ তুলে তাঁদের সামাজিকভাবে হেয় করার চেষ্টা হলে সাংবাদিক সমাজ নীরব থাকবে না।

বিবৃতিতে সংগঠনটি আরও জানায়, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্ব। কোনো তারকা, রাজনৈতিক ব্যক্তি কিংবা প্রভাবশালী মহলের জন্য আলাদা আইন থাকতে পারে না। সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তার তদন্ত করতে হবে। একইভাবে সাংবাদিককে হেনস্তার অভিযোগও সমান গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে হবে।

বিওজেএর পাঁচ দফা দাবি

ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পাঁচটি দাবি জানিয়েছে। দাবিগুলো হলো—

১. ঘটনার সব ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে দ্রুত নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করতে হবে।

২. সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে উত্থাপিত যৌন হয়রানির অভিযোগের সত্যতা যথাযথভাবে যাচাই করতে হবে।

৩. সাংবাদিককে শারীরিকভাবে হেনস্তা এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে হবে।

৪. অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিতে হবে।

৫. সাংবাদিকদের নিরাপত্তা, সম্মান ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে হবে।

বিবৃতির শেষাংশে জাহিদ ইকবাল বলেন, সাংবাদিকদের কলম থামিয়ে দেওয়া, ভয় দেখানো কিংবা মিথ্যা অভিযোগে জড়ানোর দিন শেষ। কোনো কথিত তারকার ব্যক্তিগত প্রভাব, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা কিংবা ক্ষমতাধর মহলের আশ্রয় সাংবাদিক সমাজের কণ্ঠরোধ করতে পারবে না।

তিনি আরও বলেন, পরীমণি হোন কিংবা অন্য কেউ—আইনের ঊর্ধ্বে কেউ নন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী বিচার হতে হবে। একইভাবে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলেও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সাংবাদিকদের পেশাগত মর্যাদার প্রশ্নে বিওজেএ কোনো আপস করবে না।

জ/শা 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত