১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের অরক্ষিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব চূড়ান্তভাবে রক্ষা করেছিলেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) রাতে অফিসার্স ক্লাব, ঢাকা আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর দেশের মানুষের স্বপ্ন ও প্রত্যাশা পূরণ হয়নি। একদলীয় শাসনব্যবস্থার কারণে অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা এবং জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। এমন সংকটময় পরিস্থিতিতে ভূরাজনৈতিক ষড়যন্ত্র নস্যাৎ করে সিপাহি-জনতা বন্দিদশা থেকে জিয়াউর রহমানকে মুক্ত করে দেশের নেতৃত্বের দায়িত্ব তাঁর হাতে তুলে দিয়েছিল।
তিনি আরও বলেন, ক্ষমতার প্রতি আকাঙ্ক্ষা কিংবা ব্যক্তিগত উদ্যোগে জিয়াউর রহমান ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব ঘটাননি। বরং জাতির বৃহত্তর প্রয়োজনে জনগণই তাঁকে নেতা হিসেবে বেছে নিয়েছিল।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, জিয়াউর রহমান বাংলাদেশকে অরক্ষিত পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র, সমসাময়িক অর্থনীতি এবং অন্তর্ভুক্তিমূলক সংবিধানের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। এর মধ্য দিয়ে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে এক সুতোয় গেঁথে জাতীয়তাবাদের একটি শক্ত ভিত্তি তৈরি হয়েছিল।
তিনি বলেন, ৭ নভেম্বর কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের একক সম্পত্তি নয়। এটি বাংলাদেশি জাতীয়তাবাদ এবং সর্বস্তরের মুক্তিকামী মানুষের চিরন্তন ও সার্বজনীন অর্জন।
১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, ব্রিটিশরা ওই ঘটনাকে সিপাহি মিউটিনি হিসেবে অভিহিত করলেও সেটি ছিল মূলত উপমহাদেশের প্রথম স্বাধীনতাযুদ্ধ। সেই বিপ্লব ব্যর্থ হলেও ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব ব্যর্থ হয়নি। সেদিনের বিপ্লব সফল না হলে বাংলাদেশকে হয়তো দীর্ঘ সময়ের জন্য পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকতে হতো।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ও এর রাজনৈতিক চেতনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই গণঅভ্যুত্থান এক দিনে গড়ে ওঠেনি। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বহু মানুষের আত্মত্যাগ, রক্ত, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এ অর্জন এসেছে। তাই কোনো নির্দিষ্ট গোষ্ঠী কিংবা রাজনৈতিক শক্তির এককভাবে এই অর্জনের মালিকানা দাবি করা সমীচীন নয়। এই চেতনা সমগ্র জাতির।
সিভিল সার্ভিসের কর্মকর্তাদের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে জনগণের সেবা করার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারি কর্মকর্তাদের সব ধরনের রাজনৈতিক প্রভাব ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে প্রজাতন্ত্রের সেবা করতে হবে। একই সঙ্গে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত নির্বাচিত সরকারের ইশতেহার বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, সরকারি কর্মচারীদের অন্যতম মৌলিক দায়িত্ব হলো বেআইনি আদেশ প্রত্যাখ্যান করা এবং নিরপেক্ষভাবে রাষ্ট্র পরিচালনা ও নির্বাচনকালীন দায়িত্ব পালন করা।
সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক অংশীদার এবং সাবেক সরকারি কর্মকর্তা হিসেবে নিজেকেও এই পরিবারের একজন উল্লেখ করে মন্ত্রী বলেন, অতীতে রাজনৈতিক চাপ, লোভ কিংবা ভীতির কারণে সিভিল সার্ভিসের একটি অংশ ভোটারবিহীন ও নৈশকালীন নির্বাচন আয়োজনে সহায়তা করেছে। এর ফলে বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সিভিল প্রশাসনকে এর বড় মূল্য দিতে হয়েছে।
ভবিষ্যতে যেন রাজনৈতিক উদ্দেশ্যে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা কিংবা ক্ষমতা দীর্ঘস্থায়ী করার কাজে প্রশাসনকে ব্যবহার করা না হয়, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অতীতের মতো কোনো কলঙ্কজনক ইতিহাসের পুনরাবৃত্তি যেন না ঘটে, সেদিকেও নজর দেওয়ার কথা বলেন।
প্রজাতন্ত্রের কর্মকর্তাদের দায়িত্বের গুরুত্ব তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাঠপর্যায়ে ডেপুটি কমিশনাররা রাষ্ট্রের নির্বাহী প্রধানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তাই তাঁদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দায়িত্ব পালনের ক্ষেত্রে কর্মকর্তাদের নিজেদের আচরণ ও পেশাগত অবস্থান সব সময় পরিশীলিত রাখতে হবে।
গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পাঁচ বছর পর জনগণ যাদের ম্যান্ডেট দেবে, তাদের হাতেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে। কারণ পরিবর্তনই গণতন্ত্রের মূল ভিত্তি।
**অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা**
অফিসার্স ক্লাব ঢাকার সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও অফিসার্স ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক এ বি এম আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অফিসার্স ক্লাব ঢাকার ট্রেজারার এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
এ ছাড়া বক্তব্য দেন সাবেক সচিব ও ডিটিসিএর সাবেক নির্বাহী পরিচালক মসিউর রহমান, সাবেক সচিব এস এম জহিরুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব মাসুদ আলমগীর হোসেন (মাসুদ আলমগীর হোসেন নোবেল)।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন অফিসার্স ক্লাব ঢাকার সহসভাপতি এম এ রাজেক।
এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। পরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত অতিথিরা।
এ ছাড়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
জ/শা