ব্যাংকিং সংকটে ভূমিকা এবং আমানতকারীদের অর্থ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনাকে বিচার-পূর্ব আটক রাখার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। ডিজিটাল ব্যাংক ইউএনওর পতনের ঘটনায় তাঁর বিরুদ্ধে আমানতকারীদের অর্থের অপব্যবহার ও ব্যক্তিগত স্বার্থে তহবিল ব্যবস্থাপনার অভিযোগ আনা হয়েছে। ব্যাংকটি বন্ধ হয়ে যাওয়ায় লাখো আমানতকারী তাঁদের সঞ্চিত অর্থ ব্যবহারের সুযোগ হারান। খবর এএফপির।
শুনানি শেষে সাংবাদিকদের বিচারক জানান, আদালত সান্তিয়াগো পেনাকে বিচার-পূর্ব আটক রাখার নির্দেশ দিয়েছেন। তাঁর বিরুদ্ধে আস্থাভঙ্গ এবং ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে তহবিলের অপব্যবহারের অভিযোগে মামলা করা হয়েছে।
এর আগে ইউএনও ব্যাংকের পতনকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক ও আর্থিক সংকটের মধ্যে অভিশংসন প্রক্রিয়ায় ক্ষমতাচ্যুত হন পেনা। পরে পুলিশ তাঁকে গৃহবন্দি করে। তাঁর স্থলাভিষিক্ত হয়ে দেশটির ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন।
ডিজিটাল ব্যাংক ইউএনও বন্ধ হয়ে যাওয়ার পর প্যারাগুয়েতে আর্থিক ও রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। বৃহস্পতিবার পেনা পদত্যাগের প্রস্তাব দিলেও আইনপ্রণেতারা তা গ্রহণ করেননি। বরং তাঁর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে অভিশংসন প্রক্রিয়া শুরু করেন তাঁরা। পরদিন শুক্রবার সিনেটের ৪৪ জন সদস্য পেনাকে অপসারণের পক্ষে ভোট দেন।
এদিকে, ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে প্যারাগুয়ের সাবেক এই প্রেসিডেন্ট আন্তর্জাতিক অঙ্গনেও আলোচিত ছিলেন। ২০২৪ সালে তিনি জেরুজালেমে প্যারাগুয়ের দূতাবাস পুনরায় চালু করেন। ওই সময় জেরুজালেমে দূতাবাস স্থাপনকারী দেশগুলোর মধ্যে প্যারাগুয়ে ছিল ষষ্ঠ।
উল্লেখ্য, ইসরায়েলের অধিকাংশ মিত্র দেশ তেল আবিবে নিজেদের দূতাবাস পরিচালনা করে। তাদের অনেকের অবস্থান হলো, ভবিষ্যতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের আলোচনার মাধ্যমেই জেরুজালেমের মর্যাদা নির্ধারণ করা উচিত।
সূত্র: এএফপি ও দ্য টাইমস অব ইসরায়েল।
জ/শা