ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার বিষয়টিকে ‘সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ সোমবার (৯ নভেম্বর) গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর জানান, দণ্ডিত শেখ হাসিনার দেশে ফেরা ও আত্মসমর্পণের ইচ্ছা নিয়ে বিস্তারিত আইনি ও প্রাতিষ্ঠানিক অবস্থান তুলে ধরতে মঙ্গলবার (১০ নভেম্বর) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।
এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন। নির্বাসন ভেঙে বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনার অংশ হিসেবে তিনি নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
রয়টার্সের তথ্য অনুযায়ী, লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠি পাঠান। ওই চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পরবর্তী সময়ে ২০২৫ সালের নভেম্বরে বৈষম্যবিরোধী আন্দোলন দমনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এর আগে ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয়েছিল, দণ্ডিত ও পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
জ/দি