ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’ নিয়ে বিনোদন অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। ছবিতে শাকিবের বিপরীতে পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমিকে দেখা যেতে পারে-এমন গুঞ্জন ছড়িয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায় মুক্তি পেতে পারে সিনেমাটি। তবে কিনজার অভিনয়ের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
শাকিবের সম্ভাব্য এই নায়িকা পাকিস্তানের বিনোদন অঙ্গনে পরিচিতি পেয়েছেন মূলত টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে। ২০১৪ সালে অভিনয়জগতে যাত্রা শুরু করেন তিনি। পর্দায় আসার আগে টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন। মাত্র ১৭ বছর বয়সে মডেলিংয়ের পাশাপাশি রেডিও জকি হিসেবেও কাজ করেন কিনজা। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। সেই আগ্রহ ও পরিশ্রমের মধ্য দিয়েই ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেন তিনি।
কিনজার ক্যারিয়ারে উল্লেখযোগ্য সাফল্য আসে ‘ইশক তামাশা’ ধারাবাহিকের মাধ্যমে। ২০১৮ সালে প্রচারিত নাটকটিতে রুশনা চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। নেতিবাচক ঘরানার চরিত্রে অভিনয় করেও প্রশংসা পান। এই কাজের জন্য হুম অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী (নেতিবাচক চরিত্র) বিভাগে মনোনয়নও পেয়েছিলেন তিনি।
এরপর বিভিন্ন টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে নিজের পরিচিতি আরও বাড়ান কিনজা। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘গুল-ও-গুলজার’, ‘দিওয়ার-ই-শাব’, ‘সংসার’, ‘মোহাব্বত তুম সে নাফরাত হ্যায়’, ‘ফারায়েব’, ‘দলদল’, ‘সিরাত’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’ ও ‘হুক’। এসব নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন তিনি। চরিত্রের ধরন অনুযায়ী অভিনয়ে নিজেকে মানিয়ে নেওয়ার দক্ষতাও তার অন্যতম বৈশিষ্ট্য।
পাকিস্তানের লাহোরে বেড়ে ওঠা কিনজা বিনোদন অঙ্গনে নিজের জায়গা গড়ে তুলেছেন প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে। তার পরিবারের সঙ্গে বিনোদনজগতের আগে থেকে কোনো সংশ্লিষ্টতা ছিল না। তারপরও অভিনয়ের প্রতি আগ্রহ এবং নিয়মিত কাজের সুবাদে পাকিস্তানি টেলিভিশন নাটকের পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি।
টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন কিনজা। তার অভিনীত সিনেমার তালিকায় রয়েছে ‘কাট্টার করাচি’ ও ‘শারোজ’। ছোট পর্দায় নিজের অবস্থান তৈরি করা এই অভিনেত্রীর ক্যারিয়ারে ‘মহব্বত’ হতে পারে নতুন সংযোজন, যদি শাকিব খানের বিপরীতে অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়।
এখনো নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে শাকিব ও কিনজাকে সম্ভাব্য জুটি হিসেবে দেখার আগ্রহ তৈরি হয়েছে দর্শকের মধ্যে। শেষ পর্যন্ত ‘মহব্বত’-এর নায়িকা হিসেবে কিনজা হাশমির নাম চূড়ান্ত হয় কি না, তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।
জ/উ