শেষ মুহূর্তে মাঠের বরাদ্দ বাতিল হওয়ায় রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠে এবার অনুষ্ঠিত হচ্ছে না জাতীয় যুবমেলা। তবে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে এ মেলা আয়োজন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে সচিবালয়ে জাতীয় যুব দিবসের আয়োজন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী জানান, পুরাতন বাণিজ্য মেলা মাঠে সাত দিনব্যাপী যুবমেলা আয়োজনের পরিকল্পনা ছিল। তবে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে সকালে গণপূর্ত মন্ত্রণালয় মাঠটির সব বরাদ্দ বাতিল করে দেয়। ফলে সেখানে কেন্দ্রীয়ভাবে যুবমেলা আয়োজন করা সম্ভব হচ্ছে না।
এদিকে, যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আগামী ১ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চাকরিমেলার আয়োজন করা হবে। এতে ৫৫টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেবে। প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, এ মেলার মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত ৩ থেকে ৫ হাজার তরুণ-তরুণীকে চাকরি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আমিনুল হক জানান, জাতীয় যুব দিবসের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে ৩১ অক্টোবর সকালে শিশু একাডেমি থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হবে।
জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে যুবসমাজের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে। এ বছর চারজন যুব সংগঠক ও ১০ জন সফল আত্মকর্মীসহ মোট ১৪ জনকে এ পুরস্কারে ভূষিত করা হবে।
জ/উ