মোটরসাইকেল চালক ও যাত্রীদের মানসম্মত হেলমেট ব্যবহারে উৎসাহিত করতে রাজধানীতে সচেতনতামূলক প্রচারাভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
আজ বুধবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে এ কর্মসূচি পরিচালনা করা হয়।
অভিযানকালে নিম্নমানের হেলমেট ব্যবহারকারী চালকদের থামিয়ে নিরাপত্তাবিষয়ক হ্যান্ডবিল বিতরণ করেন বিএসটিআইয়ের কর্মীরা। এ সময় চালক ও যাত্রীদের নিম্নমানের হেলমেট ব্যবহারের ঝুঁকি সম্পর্কে সচেতন করার পাশাপাশি মানসম্মত হেলমেট চেনার উপায় জানানো হয়।
বিএসটিআই ও পুলিশ কর্মকর্তারা জানান, মোটরসাইকেল চালক ও যাত্রীদের মধ্যে হেলমেট ব্যবহারের প্রবণতা বাড়লেও অনেকেই নিম্নমানের হেলমেট ব্যবহার করছেন। এসব হেলমেট দুর্ঘটনার সময় প্রয়োজনীয় সুরক্ষা দিতে ব্যর্থ হতে পারে। তাই নিরাপদ সড়ক চলাচল নিশ্চিত করতে মানসম্মত হেলমেট ব্যবহারে সচেতনতা বাড়ানো জরুরি।
জ/উ