মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীর নামে একটি ভুয়া ফেসবুক আইডি ছড়িয়ে পড়েছে। ওই অ্যাকাউন্ট থেকে বিনোদন অঙ্গনের কয়েকজনকে বন্ধুত্বের অনুরোধ পাঠানো হলে তৈরি হয় বিভ্রান্তি। পরে বিষয়টি পরিষ্কার করে সবাইকে সতর্ক করেছেন অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঐশী জানান, তার ব্যক্তিগত কোনো ফেসবুক আইডি নেই। এটিই তার একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ। তার নামে ছড়িয়ে পড়া অ্যাকাউন্টটি ভুয়া এবং সেটি তিনি পরিচালনা করেন না।
অভিনেত্রী জানান, বিনোদন অঙ্গনের বেশ কয়েকজনের কাছে ওই অ্যাকাউন্ট থেকে বন্ধুত্বের অনুরোধ গেছে। আইডিটি তার কি না, তা নিশ্চিত হতে তারা তার সঙ্গে যোগাযোগও করেছিলেন।
পোস্টে ঐশী সবাইকে ওই ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ না করার এবং সেখান থেকে পাঠানো কোনো বার্তার জবাব না দেওয়ার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি সম্ভব হলে অ্যাকাউন্টটি রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন তিনি।
বিষয়টি বুঝতে পারা এবং তার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদও জানিয়েছেন এই অভিনেত্রী।
জ/শা