ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ বিশেষজ্ঞের সংখ্যা বাড়িয়ে ৭০০ করার পরিকল্পনা নিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম। এ লক্ষ্যে নতুন করে আরও ৫০৮ জন বিশেষজ্ঞ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
গতকাল বুধবার (২৮ অক্টোবর) রোসাটমের প্রধান আলেক্সেই লিখাচেভ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে রুশ কর্মীদের সরিয়ে নেব না। বরং সেখানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে আমাদের।’
লিখাচেভ আরও বলেন, ‘আমরা বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মীর সংখ্যা ৭০০-তে উন্নীত করতে চাই।’
এর আগে মঙ্গলবার রাতে গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের সম্মেলনে অংশ নিতে মস্কোয় পৌঁছান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন তিনি।
এর আগে কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠকের পর রোসাটমের প্রধান জানিয়েছিলেন, ইরানে বড় ও ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি নতুন স্থান বিবেচনা করছে রাশিয়া।
এবার নতুন কয়েকটি বিদ্যুৎ ইউনিট নির্মাণের স্থান নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে ১৯২ জন রুশ বিশেষজ্ঞ কাজ করছেন। তাঁদের সঙ্গে আরও ৫০৮ জন বিশেষজ্ঞ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে কেন্দ্রটিতে রুশ বিশেষজ্ঞের মোট সংখ্যা দাঁড়াবে ৭০০ জনে। সূত্র: মেহের
জ/উ