নিখোঁজের এক দিন পর রাজধানীর পার্শ্ববর্তী তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করেন।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে পৌঁছান। পরে সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় তাঁর পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। তাঁর হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। পরে ওই আইফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। তাঁর নাম ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) তাহসিফ সুরি। তাঁর বাবার নাম কে এম এনায়েতুর। ঠিকানা উত্তরা ১৮ নম্বর সেক্টরের করবী ১৪বি বলে জানা গেছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উড়োজাহাজে করে দেশত্যাগের ভিডিও তাহসিফ ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে। তবে এ দাবির পক্ষে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ গণমাধ্যমের হাতে নেই।
জ/শা