দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীর কাছে জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের ভালো গুণাবলি। নিজের ভুল স্বীকার করা, তা সংশোধনের চেষ্টা এবং অন্যের ওপর দোষ চাপানোর মানসিকতা না থাকা—পাত্রের মধ্যে এসব বৈশিষ্ট্য দেখতে চান তিনি। পাশাপাশি রান্না জানা থাকলে বাড়তি সুবিধা বলেও জানিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর একটি পর্বে অতিথি হিসেবে উপস্থিত হন সাই পল্লবী। সেখানে তার সঙ্গে ছিলেন অভিনেতা রণবীর কাপুর ও রবি দুবে। অনুষ্ঠানের সঞ্চালক অমিতাভ বচ্চন অভিনেত্রীর কাছে জানতে চান, বিয়ের জন্য কেমন জীবনসঙ্গী পছন্দ তার।
উত্তরে সাই পল্লবী বলেন, পাত্রকে প্রথমেই একজন ভালো মানুষ হতে হবে। অতিরিক্ত আত্মকেন্দ্রিক না হয়ে নিজের কাজ ও আচরণ নিয়ে ভাবার মানসিকতা থাকতে হবে। নিজের অবস্থান সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি ভুল করলে তা স্বীকার করে সংশোধনের চেষ্টাও করতে হবে। অন্যের ওপর দোষ চাপানোর প্রবণতা থাকা উচিত নয়।
অভিনেত্রীর ভাষায়, ‘আমার চাহিদার তালিকা খুব বড় নয়। সে ভালো মানুষ হলেই হয়। তবে রান্না জানলে আরও ভালো।’
অনুষ্ঠানে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা শেষ করে অভিনয়জগতে আসার সিদ্ধান্ত নিয়েও সাই পল্লবীর কাছে জানতে চান অমিতাভ বচ্চন। জবাবে অভিনেত্রী বলেন, ‘ঈশ্বরই লিখে রেখেছিলেন যে তুমি অভিনয় করবে।’
তার এমন উত্তরে বিস্মিত হন অমিতাভ। পরে রণবীর কাপুর রসিকতা করে বলেন, ‘ঈশ্বরের প্রেসক্রিপশনে লেখা ছিল, তাকে অভিনয় করতে হবে।’ তার এই মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে হাসি ও করতালির সৃষ্টি হয়।
এদিকে নিতেশ তিওয়ারি পরিচালিত পৌরাণিক কাহিনিনির্ভর সিনেমা ‘রামায়ণ’-এ সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। ছবিটিতে রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর। সীতার চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর নিজের দৃষ্টিভঙ্গি কীভাবে বদলেছে, সে কথাও জানিয়েছেন অভিনেত্রী।
সাই পল্লবী জানান, সীতার মতো চরিত্রের ক্ষেত্রে এবার তিনি নিজের বুদ্ধি দিয়ে সবকিছু বিচার করতে চাননি। বরং এই চরিত্রের মাধ্যমে কী শেখা যায়, তা বোঝার দিকেই বেশি মনোযোগ দিয়েছেন।
তার কথায়, ‘এবার আমি নিজের বুদ্ধি খাটাতে চাইনি। সাধারণত কোনো চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে ভাবি, চরিত্রটিকে আমি কী দিতে পারি। কিন্তু সীতার মতো চরিত্রের ক্ষেত্রে প্রথমবার ভেবেছি, এই চরিত্রে অভিনয় করে আমি কী পেতে পারি, কী জ্ঞান অর্জন করতে পারি। তাই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে চেয়েছিলাম। কোনো কিছু নিয়ে বেশি ভাবতে চাইনি। সীতামায়ের কাছে প্রার্থনা করে কাজটি শুরু করেছিলাম।’
‘রামায়ণ’ সিনেমায় রাবণের চরিত্রে অভিনয় করছেন যশ এবং হনুমানের ভূমিকায় রয়েছেন সানি দেওল। লক্ষ্মণের চরিত্রে দেখা যাবে রবি দুবেকে। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অরুণ গোভিল, লারা দত্ত, রাকুল প্রীত সিং, কাজল আগরওয়াল ও বিবেক ওবেরয়।
প্রতিবেদন অনুযায়ী, প্রায় চার হাজার কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে সিনেমাটি। যশ ও নমিত মালহোত্রার প্রযোজনায় দুই পর্বে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে ছবিটির। প্রথম পর্ব ২০২৬ সালের ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। দ্বিতীয় পর্ব মুক্তি পেতে পারে ২০২৭ সালের দীপাবলিতে। সূত্র: হিন্দুস্তান টাইমস
জ/শা