মঞ্চে ইসরাইলের পতাকা মাটিতে ফেলে পা দিয়ে মাড়িয়ে আলোচনায় এসেছেন কলম্বিয়ার র্যাপার ও সংগীতশিল্পী চেলো হোপ, যিনি শিলো হোপ নামেও পরিচিত। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে তাঁর এই প্রতিবাদী আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, মঞ্চে সংগীত পরিবেশনের সময় এক দর্শক তাঁর হাতে ইসরাইলের পতাকা তুলে দেন। এরপর পতাকাটি নিয়ে মাটিতে ফেলে পা দিয়ে মাড়ান তিনি। পরে লাথি দিয়ে সেটি সরিয়ে দেন। এ সময় তিনি ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগানও দেন।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ অক্টোবর কলম্বিয়ার রাজধানী বোগোটার সিমন বলিভার মেট্রোপলিটন পার্কে আয়োজিত ‘হিপ হপ আল পারকে’ উৎসবে পারফর্ম করার সময় এ ঘটনা ঘটে। সে সময় তিনি ‘অ্যানাতোমিয়া’ শিরোনামের একটি গান পরিবেশন করছিলেন।
রাজনৈতিক ও গণআন্দোলনভিত্তিক গান পরিবেশনের জন্য পরিচিত এই শিল্পীর প্রতিবাদী কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই তাঁর পরিচয় জানতে আগ্রহ প্রকাশ করেছেন এবং ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের জন্য তাঁকে প্রশংসা করেছেন। তবে এ ঘটনাকে ঘিরে ভিন্ন প্রতিক্রিয়াও দেখা গেছে।
এদিকে কলম্বিয়ায় নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ঘটনাটির নিন্দা জানিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জর্ডানের সংবাদমাধ্যম ‘রয়া নিউজ’ ও ভারতের ‘ফ্রি প্রেস’-এর প্রতিবেদনেও ঘটনাটি উঠে এসেছে। মঞ্চে ‘পালেস্তিনা লিব্রে’ স্লোগান দেন চেলো হোপ। স্প্যানিশ ভাষার এই স্লোগানের অর্থ ‘মুক্ত হোক ফিলিস্তিন’।
জ/উ