রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ ও নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।
গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৫০ জন মিরপুর বিভাগ থেকে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৭৩ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, গুলশান বিভাগে ৫০ জন, লালবাগ বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪৬ জন এবং রমনা বিভাগে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা বিভাগ চারজন এবং এসআরইউ বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযান চলাকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২৩ হাজার ১৪৬ পিস ইয়াবা, ৫ কেজি ২৫৫ গ্রাম গাঁজা এবং ৮০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
মাদকদ্রব্যের পাশাপাশি একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, দুটি ওয়াকিটকি, ছয়টি মুঠোফোন ও ৩৫০ কেজি স্ক্র্যাপ কেবল উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
জ/উ