প্রায় ২৮ বছরের অভিনয়জীবনে রোমান্টিক নায়িকা হিসেবেই দর্শকের কাছে পরিচিত অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। এবার সেই পরিচিত ইমেজের বাইরে গিয়ে নেতিবাচক চরিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
গণমাধ্যমে এক প্রশ্নের জবাবে পূর্ণিমা জানান, দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও এখন পর্যন্ত নেতিবাচক চরিত্রে কাজের সুযোগ পাননি। নতুন ও ব্যতিক্রমী চরিত্র পেলে সিনেমায় কাজ করতে চান তিনি।
পূর্ণিমা বলেন, “নতুন কোনো চরিত্র পেলে সিনেমায় কাজ করব। এখন অনেক সিনেমা বা ওটিটিতে নায়িকারা নেতিবাচক চরিত্র বা ভিন্ন কিছু নিয়েই দর্শকের সামনে আসছেন। আমিও সুন্দরী নায়িকা, পরিপাটি ইমেজ-এসবের বাইরে কোনো চরিত্র চাই।”
নিজের প্রত্যাশার কথা জানিয়ে তিনি আরও বলেন, “আমার নেতিবাচক সেই চরিত্র দেখে দর্শকের যেন সেই চরিত্রের প্রতি ঘৃণা হয়। আমাকে নিয়ে এ ধরনের চরিত্র কেউ চিন্তা করেননি আজ পর্যন্ত।”
কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন পূর্ণিমা। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘মনের মাঝে তুমি’, ‘যোদ্ধা’, ‘হৃদয়ের কথা’, ‘বিয়ের প্রস্তাব’, ‘লোভে পাপ পাপে মৃত্যু’, ‘শাস্তি’, ‘সুভা’, ‘মনের সাথে যুদ্ধ’ ও ‘সুলতান’।
এদিকে পূর্ণিমা অভিনীত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমা দুটি দীর্ঘদিন ধরে মুক্তির অপেক্ষায় রয়েছে।
জ/উ