ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ঝুঁকি বেড়েছে, ট্রাম্পকে দুষলেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-10-29T12:18:42+06:00
2026-10-29T12:18:42+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ঝুঁকি বেড়েছে, ট্রাম্পকে দুষলেন ওবামা
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১২:১৮ পিএম | ২৯ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্রকে আরও ঝুঁকির মুখে ফেলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমন মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে ইরানে সামরিক অভিযান শুরুর পক্ষে ট্রাম্পের দেওয়া যুক্তি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ওবামার দাবি, ইরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র ছিল না; বরং তাঁর প্রশাসনের সময় কূটনৈতিক চুক্তির মাধ্যমে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনা হয়েছিল।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে দুই দলের নির্বাচনী প্রচার জোরদার হয়েছে। এর অংশ হিসেবে জর্জিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সমালোচনা করেন ওবামা। স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) আটলান্টার উপকণ্ঠে মোরো শহরে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবামা বলেন, ২০১৫ সালে তাঁর প্রশাসনের সময় তেহরানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনা হয়েছিল। ফলে তাঁর প্রশাসনকে ইরানের বিরুদ্ধে এ ধরনের যুদ্ধে জড়াতে হয়নি। তিনি বলেন, ‘আমাকে কোনো ক্ষেপণাস্ত্র ছুড়তে হয়নি। আমি কূটনীতির পথ বেছে নিয়েছিলাম।’

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি নিয়েও উদ্বেগ জানান সাবেক এই প্রেসিডেন্ট। তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ও সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। এতে মার্কিন নাগরিক নিহত হওয়ার পাশাপাশি শত শত মানুষ আহত হয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুতও কমে গেছে।

ওবামার মতে, এসব কারণে যুক্তরাষ্ট্রের ঝুঁকি বেড়েছে। পাশাপাশি হরমুজ প্রণালিতে ইরানের কার্যত ভেটো প্রয়োগের মতো ক্ষমতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে তেলের দামেও।

অন্যদিকে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর দায় নিতে অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র এই যুদ্ধ শুরু করেনি; বরং তিনি প্রেসিডেন্ট হওয়ার অনেক আগেই সংঘাতটির অবসান হওয়া উচিত ছিল।

আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ওহাইও অঙ্গরাজ্যের চিলিকোথে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এসব মন্তব্য করেন। তিনি দাবি করেন, ইরানের হাতে এখনো ক্ষেপণাস্ত্র রয়েছে, তবে আগের তুলনায় এর সংখ্যা অনেক কমে গেছে।

ট্রাম্প আরও বলেন, বিদ্যুৎ সরবরাহে সংকটের কারণে ইরানের ড্রোন নির্মাতারা সমস্যায় পড়েছেন। তাঁর ভাষায়, তারা ‘এখন আর বিদ্যুৎ পাচ্ছে না’। ইরানের সামরিক সক্ষমতা কমে যাওয়ার দাবি করার পাশাপাশি যুদ্ধ শুরুর বিষয়ে নিজের অবস্থানও পুনর্ব্যক্ত করেন তিনি। ট্রাম্প বলেন, ‘এই যুদ্ধ আমরা শুরু করিনি।’ তাঁর দাবি, তিনি প্রেসিডেন্ট হওয়ার অনেক আগেই এই সংঘাতের অবসান হওয়া প্রয়োজন ছিল।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করে। সে সময় ওমানের মধ্যস্থতায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছিল। আলোচনা চলার মধ্যেই দেশটিতে হামলা চালানো হয়। সূত্র: আল জাজিরা

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত