কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত

কুষ্টিয়া প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-10T14:40:03+06:00
2026-10-10T14:40:03+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত
কুষ্টিয়া প্রতিনিধি
⏲ ২:৪০ পিএম | ১০ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাহাজুল ইসলাম (৩২) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আজ শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সীমান্তসংলগ্ন মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। আহত সাহাজুল উপজেলার জামালপুর গ্রামের সাহাবাজের ছেলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আজ শনিবার সকালে সাহাজুল ইসলাম মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে যান। এ সময় সীমান্ত এলাকায় এক ভারতীয় নাগরিকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। এ ঘটনার পর বিএসএফ সদস্যরা সাহাজুলকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়েন। এতে তাঁর পা ও শরীরের বিভিন্ন স্থানে গুলি ও স্প্লিন্টার বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন।

এ ঘটনার প্রতিবাদে ও ক্ষোভে সীমান্তবর্তী মাঠে কাজ করা বাংলাদেশি কৃষকেরা এক ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসেন। বর্তমানে ওই ব্যক্তি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রয়েছেন।

বিএসএফের গুলিবর্ষণের প্রতিবাদে সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা সতর্কতামূলকভাবে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, নদীতে তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে বিএসএফ সদস্যরা হঠাৎ গুলি চালান। এতে সাহাজুল আহত হলে সীমান্তজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি জোরালো পদক্ষেপ নিয়েছে।

তিনি আরও জানান, বিএসএফের গুলিবর্ষণ এবং আটক ভারতীয় নাগরিকের বিষয়ে সীমান্ত প্রোটোকল ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বানও জানানো হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি বিজিবির সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত