পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক সম্প্রীতির বন্ধন অটুট রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি।
আজ শনিবার ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গাপূজা সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এ দেশের সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করে আসছেন। শারদীয় দুর্গাপূজাও যাতে সর্বজনীন ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়, সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে।
তিনি পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সামাজিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে উৎসব উদযাপনের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন পরিষদের নেতাদের সমন্বয়ের মাধ্যমে সতর্ক থাকার আহ্বান জানান।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রস্তুতিমূলক সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন পূজা মণ্ডপ পরিচালনা কমিটির নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জ/উ