যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিবকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুব উন্নয়ন অধিদপ্তরের ১১তম গ্রেডের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগের জন্য ১০ অক্টোবর অনুষ্ঠেয় পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। এ পরিপ্রেক্ষিতে নিয়োগ পরীক্ষাটি বাতিল করা হয়েছে। পাশাপাশি, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কমিটির প্রধান করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিবকে।
কমিটির অন্য সদস্যরা হলেন-মন্ত্রণালয়ের যুগ্মসচিব (ফিন্যান্স অ্যান্ড পারফরমেন্স ম্যানেজমেন্ট), জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি এবং যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (সিড ফাইন্যান্সিং)। এ ছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা) কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে, পরীক্ষা বাতিলের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন চাকরিপ্রার্থীরা। শনিবার সকাল ১১টার দিকে মতিঝিলের বালিকা উচ্চবিদ্যালয়, ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয়, বালক উচ্চবিদ্যালয় ও বাঙলা কলেজ কেন্দ্রে তাঁদের বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলও করেন তাঁরা।
জ/উ