নাটোরের গুরুদাসপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৬০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় হরিবাসর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। আগামী ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকেরা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মো. আব্দুল আজিজ। সভাপতিত্ব করেন গুরুদাসপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এম. সময় হাসান। সার্বিক আয়োজনের দায়িত্বে ছিলেন উপজেলা যুবদলের সদস্য অ্যাডভোকেট শুভ্র সাহা শাওন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আমজাদ হোসেন ও আলহাজ সুফী মো. আবু সাঈদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টু, মো. শরিফুল ইসলাম বিপ্লব ও মো. রিপন শিং, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, ৫ নম্বর ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান হেনা, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মো. ইসরাফিল শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শামিম আহম্মেদ ও যুগ্ম আহ্বায়ক রাঙ্গা মোল্লা, খুবজিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি রাজু আহম্মেদ, বিয়াঘাট ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাজিদুল ইসলাম এবং সাবেক কৃতী ফুটবলার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পলান ঘোষ। এ ছাড়া স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, শারদীয় উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই ১৬০ জনের হাতে শাড়ি তুলে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানের সভাপতি এম. সময় হাসান ও আয়োজক অ্যাডভোকেট শুভ্র সাহা শাওন আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক উদ্যোগ অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করবে।
জ/উ