তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

2026-08-12T13:59:54+06:00
2026-08-12T13:59:54+06:00
বুধবার, ১২ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রযুক্তি
ইউটিউবে আয়ের পথ কঠিন, ভিউয়ের শর্ত দ্বিগুণ
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১:৫৯ পিএম 
ইউটিউব থেকে বিজ্ঞাপন ও ইউটিউব প্রিমিয়ামের মাধ্যমে আয় করতে নতুন নির্মাতাদের জন্য শর্ত আরও কঠিন হচ্ছে। আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর করার পরিকল্পনা করেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। এতে বিজ্ঞাপন ও ইউটিউব প্রিমিয়াম থেকে আয় করতে আগের তুলনায় দ্বিগুণ দর্শকসংখ্যা বা দেখার সময় অর্জন করতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী, বিজ্ঞাপন থেকে আয় করতে একজন নির্মাতার গত এক বছরে অন্তত ৮ হাজার ঘণ্টা ভিডিও ওয়াচটাইম থাকতে হবে। বিকল্প হিসেবে গত ৯০ দিনে ২ কোটি যোগ্য শর্টস ভিডিও ভিউ থাকতে হবে। বর্তমানে এ ক্ষেত্রে ৪ হাজার ঘণ্টা ওয়াচটাইম অথবা ৯০ দিনে ১ কোটি শর্টস ভিউ প্রয়োজন হয়। পাশাপাশি চ্যানেলে অন্তত ১ হাজার সাবস্ক্রাইবার থাকার শর্ত বহাল থাকবে।

শুধু নতুন নির্মাতাই নয়, ইতিমধ্যে ইউটিউবের মনিটাইজেশন থাকা নির্মাতারাও নতুন নিয়মের আওতায় আসবেন। শর্টস ভিডিও থেকে প্রতি মাসে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন আয় অব্যাহত রাখতে ৯০ দিনের মধ্যে অন্তত ১ কোটি যোগ্য ভিউ ধরে রাখতে হবে।

কোনো চ্যানেলের শর্টস ভিউ নির্ধারিত সীমার নিচে নেমে গেলে শর্টস থেকে আয় বন্ধ থাকবে। তবে এতে চ্যানেলের মনিটাইজেশন পুরোপুরি বাতিল হবে না। পরবর্তী সময়ে ভিউ আবার নির্ধারিত সীমায় পৌঁছালে শর্টস থেকে আয় স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।

ইউটিউব জানিয়েছে, যারা ইতিমধ্যে শর্টস থেকে উল্লেখযোগ্য পরিমাণ আয় করছেন, তাদের ওপর নতুন নিয়মের প্রভাব পড়ার সম্ভাবনা কম। তবে বর্তমানে কতটি চ্যানেলের শর্টস ভিউ নতুন নির্ধারিত সীমার নিচে রয়েছে, সে বিষয়ে কোনো সংখ্যা জানায়নি প্রতিষ্ঠানটি।

২০১৮ সালের পর এবারই প্রথম বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ইউটিউবের মনিটাইজেশন ব্যবস্থায়। বিশেষ করে শর্টস ভিডিওর জনপ্রিয়তা দ্রুত বাড়ায় এই পরিবর্তনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে প্রতিদিন ইউটিউবে ২০ হাজার কোটির বেশি শর্টস দেখা হয়। ২০২৪ সালে দৈনিক শর্টস দেখার সংখ্যা ছিল প্রায় ৭ হাজার কোটি।

তবে ছোট নির্মাতাদের জন্য কিছু সুবিধাও রাখছে ইউটিউব। ইউটিউব শপিং, বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজের সুযোগ এবং জনপ্রিয় নতুন ধারা তৈরির জন্য অতিরিক্ত অর্থ দেওয়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এসব সুবিধার অর্থের পরিমাণ ও বিস্তারিত নিয়ম এখনো জানানো হয়নি।

এদিকে, কম স্তরের মনিটাইজেশনের শর্তে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। ৫০০ সাবস্ক্রাইবার, ৯০ দিনের মধ্যে অন্তত তিনটি প্রকাশিত ভিডিও এবং ৩ হাজার ঘণ্টা ভিডিও ওয়াচটাইম অথবা ৩০ লাখ শর্টস ভিউ থাকলে নির্মাতারা ইউটিউবের এই কর্মসূচির প্রাথমিক স্তরে যুক্ত হতে পারবেন। তবে এই স্তরে বিজ্ঞাপন বা ইউটিউব প্রিমিয়াম থেকে আয় করার সুযোগ থাকবে না।

ইউটিউব প্রিমিয়াম লাইট নিয়েও নতুন পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। যেসব দেশে ইউটিউব প্রিমিয়াম চালু রয়েছে, সেসব দেশে প্রিমিয়াম লাইট চালুর পরিকল্পনা করা হচ্ছে। এই সেবার সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ নির্মাতাদের দেওয়ার জন্য রাখা হবে।

ইউটিউব জানিয়েছে, প্রিমিয়াম লাইট থেকে পাওয়া নিট সাবস্ক্রিপশন আয়ের ৬০ শতাংশ নির্মাতাদের জন্য নির্ধারিত তহবিলে দেওয়া হবে। পূর্ণাঙ্গ ইউটিউব প্রিমিয়ামের ক্ষেত্রে এ হার ৩০ শতাংশ। দর্শকেরা কোন নির্মাতার ভিডিও কতটা দেখছেন, তার ভিত্তিতে এই অর্থ বণ্টন করা হবে।

নতুন নিয়মের ফলে ইউটিউবের আয় ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। বিশেষ করে শর্টসনির্ভর নির্মাতাদের নিয়মিত ভিউ ধরে রাখার চাপ বাড়বে। একই সঙ্গে নতুন আয়ের পথ তৈরির সুযোগও দিচ্ছে প্ল্যাটফর্মটি। ফলে ২০২৭ সাল ইউটিউব নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

জ/উ






Loading...
Loading...
প্রযুক্তি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]