সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সৌদি আরবে যা ঘটেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে সৌদি আরবের হুতিবিরোধী সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র অংশ নেবে কি না, সে বিষয়ে বিবেচনার ইঙ্গিত দিয়েছেন তিনি।
শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। তিনি জানান, হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলবেন। সৌদি আরবের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র যোগ দেবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তিনি দেখবেন।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন বাংলাদেশি। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০৯ জন।
এ হামলার জন্য ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে। গোষ্ঠীটির জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি হামলার দায় স্বীকার করেছেন। হুতিদের দাবি, ইয়েমেনে সৌদি আরবের হামলার জবাবে তারা এ পদক্ষেপ নিয়েছে।
ইয়েমেনে সৌদি হামলায় বেসামরিক অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ করেছেন আল-বুখাইতি।
সৌদি আরবে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সৌদি আরবে সাম্প্রতিক হামলাগুলোর তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র।
রুবিওর ভাষায়, এসব হামলা নিরপরাধ বেসামরিক মানুষের জীবনের প্রতি চরম অবজ্ঞার বহিঃপ্রকাশ। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।
তিনি আরও জানান, রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন মার্কিন নাগরিকও নিহত হয়েছেন।
এদিকে, ইয়েমেনবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ সৌদি আরবের বেসামরিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার নিন্দা জানিয়েছেন। তাঁর মতে, এ ধরনের হামলা পরিস্থিতির গুরুতর অবনতি ঘটায়।
এক বিবৃতিতে গ্রুন্ডবার্গ বলেন, এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে, সহিংসতার চক্র দীর্ঘায়িত করে এবং ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আরও জটিল করে তোলে।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। এ কারণে সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
জ/শা