কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রতিযোগিতায় অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের সঙ্গে পাল্লা দিতে নতুন প্রজন্মের জেমিনি ৪ মডেলের ঘোষণা দিয়েছে গুগল। ‘আর্গন’ নামের এই মডেলকে এখন পর্যন্ত নিজেদের সবচেয়ে শক্তিশালী এআই মডেল হিসেবে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
গত বুধবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে মডেলটির ঘোষণা দেওয়া হয়। গুগল জানিয়েছে, আকারের দিক থেকে আর্গন আগের উন্নত ‘প্রো’ মডেলগুলোর তুলনায় বড়। জটিল ও কঠিন কাজ সম্পাদনের জন্য এটি তৈরি করা হয়েছে।
কোড লেখা ও সাইবার নিরাপত্তাসংক্রান্ত কয়েকটি পরীক্ষায় ওপেনএআইয়ের অ্যাস্ট্রা এবং অ্যানথ্রপিকের ওপাস মডেলের সঙ্গে তুলনীয় ফল করেছে আর্গন। তবে মডেলটি এখনই সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করছে না গুগল।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্বাচিত সাইবার নিরাপত্তা অংশীদারদের কাছে আর্গন সরবরাহ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন এআই মডেল প্রকাশের আগে পরীক্ষামূলকভাবে ব্যবহারের স্বেচ্ছামূলক কার্যক্রমেও অংশ নিচ্ছে গুগল। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য আর্গন কবে উন্মুক্ত করা হবে, সে বিষয়ে কোনো সময়সীমা জানানো হয়নি।
গুগলের প্রকাশিত তথ্য অনুযায়ী, শিল্প খাতে ব্যবহৃত কয়েকটি মানদণ্ডে আর্গন অ্যাস্ট্রা ও ওপাসের তুলনায় ভালো ফল করেছে। তবে সব পরীক্ষায় মডেলটি এগিয়ে নেই। বিশেষ করে কোডিং-সংক্রান্ত চারটি পরীক্ষার মধ্যে দুটিতে প্রতিদ্বন্দ্বী মডেলগুলোর পেছনে ছিল আর্গন।
জেমিনি ৩.৫ প্রো প্রকাশে বিলম্ব
এদিকে জেমিনি ৩.৫ প্রো প্রকাশের পরিকল্পনা বাতিল করেছে গুগল। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই এর আগে জানিয়েছিলেন, মডেলটি জুনে প্রকাশ করা হবে। তবে নির্ধারিত সময়ে সেটি আর প্রকাশ করা হয়নি।
এই সময়ের মধ্যে গুগলের এআই গবেষণাগার ডিপমাইন্ডেও বড় ধরনের পরিবর্তন এসেছে। ডিপমাইন্ডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ডেমিস হাসাবিস দায়িত্বে পরিবর্তন এনেছেন। একই সময়ে জেমিনি মডেল উন্নয়নের সঙ্গে যুক্ত কয়েকজন শীর্ষ কর্মকর্তাও প্রতিষ্ঠানটি ছেড়েছেন।
জেমিনি মডেল প্রকাশে কয়েক মাসের বিলম্বের মধ্যে অ্যানথ্রপিক ও ওপেনএআই তাদের শীর্ষ মডেলগুলোর নতুন সংস্করণ প্রকাশ করে। এর ফলে এআই উন্নয়নের প্রতিযোগিতায় গুগল পিছিয়ে পড়ছে-এমন আলোচনা শুরু হয়। তবে গত জুলাইয়ে সুন্দর পিচাই এই ধারণার বিরোধিতা করেছিলেন।
সাম্প্রতিক সময়ে গুগল জেমিনির অত্যাধুনিক সক্ষমতার পাশাপাশি প্রতিদ্বন্দ্বী মডেলগুলোর তুলনায় কম খরচে ব্যবহারের সুবিধার ওপরও বেশি গুরুত্ব দিচ্ছে।
জ/উ