‘হু ইজ হাদি?’ প্রশ্নে নুরকে রফিকুল ইসলাম মাদানির কড়া জবাব

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-10-11T16:33:55+06:00
2026-10-11T16:33:55+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
Advertisement
রাজনীতি
‘হু ইজ হাদি?’ প্রশ্নে নুরকে রফিকুল ইসলাম মাদানির কড়া জবাব
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:৩৩ পিএম | ১১ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
শরীফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে আলোচনায় এসেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। জাতির জন্য হাদির অবদান কী, তা জানতে চেয়ে তাঁর ‘হু ইজ হাদি?’ মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে নুরুল হক নুর বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে শরীফ ওসমান হাদিকে সমাহিত করা উচিত হয়নি। ভবিষ্যতে এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

নুরুল হক নুরের এ বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী আলোচক রফিকুল ইসলাম মাদানি। আজ রোববার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি প্রতিমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন।

পোস্টে রফিকুল ইসলাম মাদানি জানান, নুরুল হক নুরের সঙ্গে তাঁর পরিচয় ও সম্পর্ক ২০১৯-২০ সাল থেকে। তাঁদের মধ্যে বহুবার কথা হয়েছে এবং নুরের ব্যক্তিগত ফোন নম্বরও তাঁর কাছে রয়েছে। এমনকি নুরের সঙ্গে মোদিবিরোধী আন্দোলনেও অংশ নিয়েছেন তিনি। অন্যদিকে, শরীফ ওসমান হাদির সঙ্গে বিভিন্ন আন্দোলনে দেখা ও কথা হলেও তাঁর সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ ছিল না বলে উল্লেখ করেন মাদানি।

দুজনের প্রসঙ্গ টেনে মাদানি বলেন, ব্যক্তিগত সম্পর্কের চেয়ে আদর্শ, দেশের মানুষের প্রতি টান এবং সত্যের পক্ষে অবস্থান তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। এ কারণে নুরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকা সত্ত্বেও হাদির কবরের স্থান নিয়ে তাঁর সমালোচনা মেনে নিতে পারেননি এবং এর প্রতিবাদ জানিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

মাদানির ভাষ্য, দেশের পক্ষে ও সাধারণ মানুষের পক্ষে কথা বলতে গিয়ে হাদি অল্প বয়সে জীবন দিয়েছেন। এমনকি যিনি আজ তাঁর কবরের স্থান নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁর দুর্দিনেও হাদি প্রতিবাদ করেছিলেন বলে দাবি করেন তিনি। একজন মানুষের জন্য জীবন দিয়ে হাদি লাখো-কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বলেও মন্তব্য করেন মাদানি।

নুরুল হক নুরের ‘হু ইজ হাদি?’ প্রশ্নের জবাবে মাদানি তাঁর পোস্টে হাদির অবদানের কথা তুলে ধরেন। তিনি হাদিকে ঘুমন্ত দেশপ্রেমিক তরুণদের জাগিয়ে তোলার প্রতীক, আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ এবং শিকল ভাঙার আহ্বান হিসেবে বর্ণনা করেন।

মাদানি আরও লেখেন, হাদি কৃষক, শ্রমিক, আলেম-ওলামা ও দিনমজুরের বেদনার প্রতিচ্ছবি। শত্রুর সঙ্গেও ন্যায়বিচারের কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকা এবং নিরীহ মানুষের ওপর জুলুমের প্রতিবাদে সোচ্চার হওয়ার মধ্য দিয়ে হাদি তারুণ্যের প্রতীক হয়ে উঠেছেন বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, হাদি এখন অসংখ্য মানুষের হৃদয়ে থাকা ভালোবাসার নাম।

পোস্টে নুরুল হক নুরের রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা করেন মাদানি। তাঁর দাবি, একসময় অনেকে নুরকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে ভাবলেও বর্তমানে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যেও হতাশা তৈরি হয়েছে।

এ ছাড়া নুরুল হক নুর ও রাশেদকে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন মাদানি। তাঁর পোস্টে বিএনপিতে ঘাপটি মেরে থাকা ‘র’-এর গুপ্তচরদের প্রসঙ্গ টেনে দাবি করা হয়, জনরোষের আশঙ্কায় স্পর্শকাতর বিষয়গুলোতে তাঁরা নিজেরা বক্তব্য না দিয়ে অন্যদের দিয়ে বলাচ্ছেন। একই সঙ্গে অর্থ ও ক্ষমতার মোহে এমন বক্তব্য দেওয়ার অভিযোগও তোলেন তিনি।

মাদানি নুরকে উদ্দেশ করে লেখেন, অর্থ ও ক্ষমতা অর্জনের পাশাপাশি তাঁর রাজনৈতিক ক্যারিয়ার ঝুঁকির মুখে পড়তে পারে। এ ধরনের বক্তব্য বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষমতা ও অর্থ সাময়িক; মানুষের হৃদয়ে জায়গা করে নিতে হলে মানুষের পক্ষে কথা বলা, রাজপথে দাঁড়ানো এবং প্রয়োজনে ত্যাগ স্বীকার করার মানসিকতা থাকতে হয়।

পোস্টের শেষাংশে মাদানি বলেন, হাদি নিজের জীবন দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করেছেন। অন্যদিকে, ক্ষমতা ও অর্থের মোহে নুর সেই ভালোবাসা হারানোর ঝুঁকিতে রয়েছেন বলে মন্তব্য করেন তিনি। হাদি মানুষের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবেন উল্লেখ করে মাদানি বলেন, ইতিহাসে শেষ পর্যন্ত মানুষের জন্য কে কাজ করেছেন এবং কে ক্ষমতার মোহে মানুষের ভালোবাসা হারিয়েছেন, তা-ই বিবেচিত হবে।

উল্লেখ্য, নুরুল হক নুরের বক্তব্য এবং রফিকুল ইসলাম মাদানির প্রতিক্রিয়া ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত