ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক্টরের চাপায় তাওহীদ (১০) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাঁচপাখিয়া গ্রামের ভাই ভাই মোল্লা ব্রিকস নামের একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাওহীদ পাঁচপাখিয়া গ্রামের জসিম শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ রোববার সকালে তাওহীদ ইটভাটায় খেলছিল। এ সময় ভাটার মাটি বহনকারী একটি ট্রাক্টর পেছনে নেওয়ার সময় শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, দুর্ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জ/উ