মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে একটি শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। একটি ডাম্প ট্রাকের চাপায় তাঁর বহনকারী গাড়িটি দুমড়েমুচড়ে যায়। তবে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন অভিনেত্রী। দুর্ঘটনার পর মানিকগঞ্জের সফর বাতিল করে ঢাকায় ফিরে এসেছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার খবর নিশ্চিত করেন তানজিন তিশা।
পোস্টে তিনি লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’
জানা গেছে, মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে ‘রয়েল ফ্যাশন’ নামের একটি ফ্যাশন হাউজের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তাঁর। তানজিন তিশার আগমন উপলক্ষে আয়োজকেরা ব্যাপক প্রস্তুতি নিয়েছিলেন। তাঁকে একনজর দেখতে ভক্তদের মধ্যেও ছিল বাড়তি উদ্দীপনা। তবে আকস্মিক দুর্ঘটনার কারণে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি বাতিল হয়ে যায়।
দুর্ঘটনার অভিজ্ঞতা তুলে ধরে তানজিন তিশা বলেন, ‘গত রাতটি আমি ভুলতে পারব না। আমি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম। একটি ডাম্প ট্রাক আমার গাড়িটি দুমড়েমুচড়ে দিয়েছে। আমার এই গাড়ি খুব প্রিয়। কারণ কষ্টার্জিত অর্থ দিয়ে এটি কিনেছি। সুতরাং এই ক্ষতি মেনে নেওয়া আমার জন্য সহজ নয়। তারপরও আলহামদুলিল্লাহ!’
নিজের শারীরিক অবস্থা সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘আমি শরীরে কিছু আঘাত পেয়েছি। কিন্তু এখন ঠিক আছি। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া। যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।’
এদিকে তানজিন তিশার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন তাঁর ভক্ত-অনুরাগীরা। তাঁরা অভিনেত্রীর শারীরিক অবস্থা ও নিরাপত্তার খোঁজ নিচ্ছেন।
ছোট পর্দায় বিভিন্ন বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মধ্যে বিশেষ পরিচিতি অর্জন করেছেন তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি।
জ/শা