জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-01T13:38:29+06:00
2026-08-01T13:38:29+06:00
রবিবার, ২ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ২ আগস্ট ২০২৬
জাতীয়
শিগগিরই চালু হবে টাঙ্গাইল কটন মিল প্রতিমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১:৩৮ পিএম 
রাষ্ট্রায়ত্ত বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দীর্ঘদিন বন্ধ থাকা টাঙ্গাইলের মির্জাপুরের ঐতিহ্যবাহী টাঙ্গাইল কটন মিলও দ্রুত চালু করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। আজ শনিবার (১ আগস্ট) সকালে দুই দশকেরও বেশি সময় ধরে বন্ধ থাকা টাঙ্গাইল কটন মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, একসময় টাঙ্গাইল কটন মিল মির্জাপুরের গর্ব ও আবেগের প্রতীক ছিল। সরকার রাষ্ট্রায়ত্ত সব বন্ধ শিল্পকারখানা চালুর উদ্যোগ নিয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যেই এই ঐতিহ্যবাহী কারখানাটি পুনরায় চালুর ব্যবস্থা করা হবে। মির্জাপুরে বেশ কয়েকটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতায় এসব প্রতিষ্ঠানকে আরও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, শুক্রবার একজন চীনা ব্যবসায়ী কারখানাটি পরিদর্শন করেছেন। এছাড়া দেশের কয়েকটি স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাও কারখানাটি ঘুরে দেখেছেন।


বিদ্যুৎ সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে। বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দেশের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা নির্বিঘ্নে শিল্পকারখানা পরিচালনা করতে পারেন।

তিনি আরও বলেন, ২০ বছর পর বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। তার দাবি, বিগত সরকার বিদ্যুৎ খাতে অর্জনের যে তথ্য তুলে ধরেছিল, দায়িত্ব গ্রহণের পর সেখানে ব্যাপক দুর্নীতির চিত্র পাওয়া গেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে কিছুটা সময় লাগবে বলেও তিনি মন্তব্য করেন এবং দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান।


বিটিএমসির সচিব ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্প পরিচালক কাজী ফিরোজ হোসাইন জানান, স্বাধীনতার আগে প্রায় ২৫ একর জমির ওপর টাঙ্গাইল কটন মিল প্রতিষ্ঠিত হয়। ১৯৭২ সালে রাষ্ট্রপতির ২৭ নম্বর আদেশে এটি জাতীয়করণ করা হয়। ১৯৮২ সাল পর্যন্ত বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) কারখানাটি পরিচালনা করে। পরে ১৯৯৮ সাল পর্যন্ত বিভিন্ন ব্যবস্থাপনায় চালু থাকলেও ওই বছর থেকে কারখানাটি পুরোপুরি বন্ধ রয়েছে।

পরিদর্শনকালে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ, টেক্সটাইল মিলস করপোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব, মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আরিফসহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]