জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ২২ জন আহত হয়েছেন। ভূমিকম্পের পর বড় ধরনের কম্পনের আশঙ্কায় আগামী এক সপ্তাহ দেশটির বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে আগামী দুই থেকে তিন দিন আরও শক্তিশালী ভূমিকম্প হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) ভোরে স্থানীয় সময় রাত ১টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। জাপানের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর মাত্রা ৫ দশমিক ৫ বলে জানিয়েছে। মূল ভূমিকম্পের পর কয়েক দফা মৃদু কম্পনও অনুভূত হয়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শিজুওকা প্রিফেকচারে, ভূপৃষ্ঠের প্রায় ৪০ কিলোমিটার গভীরে। সবচেয়ে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে আইচি প্রিফেকচারে। এ ছাড়া হামামাতসু শহর, কিয়োটো, নারা, ইয়ামানাশি ও গিফুসহ বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্পের প্রভাব পড়ে। তবে রাজধানী টোকিওতে কম্পন অনুভূত হয়নি।
জাপানের বিভিন্ন টেলিভিশনে প্রচারিত ফুটেজে ভূমিকম্পের প্রভাবে দোকানের জানালা ভেঙে যাওয়া এবং সড়কে কাচের টুকরা ছড়িয়ে থাকতে দেখা গেছে। একটি বইয়ের দোকানে তাক থেকে বিপুলসংখ্যক বই পড়ে মেঝেতে স্তূপ হয়ে যায়। আহতদের মধ্যে কয়েকজন আতঙ্কিত হয়ে ভবন থেকে বের হওয়ার সময় সিঁড়ি থেকে পড়ে আহত হন।
ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া অধিদপ্তর আগামী সাত দিন সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে। বিশেষ করে পরবর্তী দুই থেকে তিন দিনের মধ্যে আরও শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনা থাকায় বাসিন্দাদের প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
অধিদপ্তরের কর্মকর্তা আয়াতাকা এবিতা সাংবাদিকদের বলেন, ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতিতে ভূমিধস, পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়া এবং বৃষ্টিপাতের সম্ভাব্য প্রভাব সম্পর্কে সতর্ক থাকতে হবে। তবে এখন পর্যন্ত নানকাই ট্রফ প্লেট এলাকায় অস্বাভাবিক কোনো পরিবর্তন শনাক্ত করা যায়নি। বিজ্ঞানীদের আশঙ্কা, এই অঞ্চলে ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্প হতে পারে।
এদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে শিনকানসেন বুলেট ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়েছে। ভূমিকম্পের কারণে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকেই কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। এ কারণে দেশটির কর্তৃপক্ষ নিয়মিত নাগরিকদের জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার পরামর্শ দিয়ে থাকে। এর মধ্যে রয়েছে বোতলজাত পানি, প্রয়োজনীয় খাবার ও ব্যাটারি মজুত রাখা এবং ভূমিকম্পের সময় নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগাম পরিকল্পনা তৈরি করা।
জ/শা