সংসদ সদস্যের সমাবেশস্থল থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

জাতীয়

2026-11-08T19:45:05+06:00
2026-11-08T19:45:05+06:00
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
সংসদ সদস্যের সমাবেশস্থল থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
⏲ ৭:৪৫ পিএম | ৮ নভেম্বর, ২০২৬ | রোববার
ছবি- গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আবদুল আজিজের সমাবেশস্থল থেকে কালো টেপে মোড়ানো ককটেলসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে গুরুদাসপুর পাইলট মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশ চলাকালে মঞ্চের সামনের অংশ থেকে বস্তুটি উদ্ধার করা হয়। ওই সময় মঞ্চে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবদুল আজিজ। বিষয়টি ছড়িয়ে পড়লে সমাবেশে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

রোববার বিকেল ৩টায় সমাবেশ শুরু হয়। এতে গুরুদাসপুরের ছয়টি ইউনিয়ন এবং বড়াইগ্রাম উপজেলা থেকে বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। বিকেল ৪টার দিকে সমাবেশস্থলে কালো টেপে মোড়ানো বস্তুটি পড়ে থাকতে দেখে উপস্থিত লোকজন পুলিশকে খবর দেন। পরে গুরুদাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, স্থানীয় সংসদ সদস্য আবদুল আজিজের দলীয় সমাবেশ উপলক্ষে থানা মোড়ের পাইলট মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন। একপর্যায়ে সেখানে ককটেলসদৃশ বস্তু দেখতে পেয়ে তাঁরা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে সেটি প্রকৃতপক্ষে কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তারও করা হয়নি।

এদিকে এ ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে ছাত্রদল নেতা হত্যা মামলায় সংসদ সদস্যের ছেলে মিন্টু কারাগারে রয়েছেন। এ ছাড়া সংসদ সদস্যের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে নিয়ে সমালোচনা তৈরি হয়। এসব ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ও জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিরোধ ও বিভক্তি আরও স্পষ্ট হয়েছে বলে রাজনৈতিক সূত্র জানিয়েছে।

দলীয় বিরোধের জেরে জেলা বিএনপির সদস্য মশিউর রহমান বাবলু, আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু এবং সাবেক ছাত্রদল নেতা সুজাউদ্দৌলা সুজনসহ কয়েকজন নেতা সংসদ সদস্য আবদুল আজিজের বিরোধিতা করে আসছেন। রাজনৈতিক চাপের মুখে গত ২৯ অক্টোবর থেকে সংসদ সদস্য সপরিবারে নির্বাচনী এলাকার বাইরে অবস্থান করছিলেন। শুক্রবার সকালে তিনি আবার এলাকায় ফেরেন।

রাজনৈতিক সূত্রের দাবি, এলাকায় ফিরে সাংগঠনিক অবস্থান জানান দিতে রোববার বিকেলে পাইলট মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সমাবেশের আয়োজন করেন সংসদ সদস্য আবদুল আজিজ। একই দিন একই স্থানে সমাবেশের ঘোষণা দিয়েছিলেন সাবেক ছাত্রদল নেতা সুজাউদ্দৌলা সুজনও। এ নিয়ে স্থানীয় বিএনপির রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়। শেষ পর্যন্ত আবদুল আজিজের সমাবেশ অনুষ্ঠিত হলেও বিরোধী পক্ষের নেতাকর্মীরা সেখানে সমাবেশ করতে আসেননি।

এমন পরিস্থিতির মধ্যেই সংসদ সদস্যের সমাবেশস্থল থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধারের ঘটনা ঘটল। তবে বস্তুটি সেখানে কে বা কারা রেখেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য আবদুল আজিজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ওসি সিরাজুল ইসলাম আরও জানান, উদ্ধার করা বস্তুটি কী, তা শনাক্ত করতে পুলিশ কাজ করছে। কারা সেটি সেখানে রেখেছে, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত