আতলেতিকোর মাঠে পিছিয়ে পড়েও বার্সার জয়, ফেরমিনের জোড়া গোল

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-11-09T08:57:18+06:00
2026-11-09T08:57:18+06:00
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
Advertisement
খেলাধুলা
আতলেতিকোর মাঠে পিছিয়ে পড়েও বার্সার জয়, ফেরমিনের জোড়া গোল
স্পোর্টস ডেস্ক
⏲ ৮:৫৭ এএম | ৯ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
মৌসুমের শুরুটা দারুণ করলেও সাম্প্রতিক সময়ে বড় ম্যাচে টানা দুই হারে সমালোচনার মুখে পড়েছিল বার্সেলোনা। তবে সেই হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে হানসি ফ্লিকের দল। আতলেতিকো মাদ্রিদের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় তুলে নিয়েছে কাতালানরা। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ফেরমিন লোপেজ। করেছেন জোড়া গোল।

রোববার রাতে মেত্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি বার্সেলোনার জন্য ছিল বেশ গুরুত্বপূর্ণ। এ ম্যাচে হারলে লিগের শীর্ষস্থান হারানোর শঙ্কা ছিল দলটির। অন্যদিকে জয় পেলে শীর্ষে ওঠার সুযোগ পেত আতলেতিকো মাদ্রিদ। পাশাপাশি শিরোপার লড়াইয়ে আরও ভালো অবস্থানে ফেরার সুযোগ তৈরি হতো রিয়াল মাদ্রিদের জন্য।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রথম ১০ মিনিটেই গোলের একাধিক সুযোগ তৈরি হয়। আতলেতিকোর হুলিয়ান আলভারেজ বার্সেলোনার গোলরক্ষক জোয়ান গার্সিয়াকে একা পেয়েও গোল করতে পারেননি। গোলরক্ষককে কাটিয়ে এগিয়ে গেলেও শেষ মুহূর্তে বার্সার ডিফেন্ডাররা বাধা হয়ে দাঁড়ান। এরপর কর্নার থেকে আতলেতিকো ডিফেন্ডার মার্ক পুবিলের হেড ক্রসবারে লেগে ফিরে আসে।

অন্যদিকে বার্সেলোনার হয়ে পেদ্রির জোরালো শটও পোস্টে লেগে প্রতিহত হয়। লামিন ইয়ামালের বাড়ানো বল থেকে ওই সুযোগ তৈরি করেছিলেন তিনি।

শেষ পর্যন্ত ১০ মিনিটে এগিয়ে যায় আতলেতিকো। হুলিয়ান আলভারেজের বাড়ানো ক্রস থেকে কাছাকাছি অবস্থান নিয়ে বল জালে পাঠান জুলিয়ানো সিমেওনে। উল্লেখ্য, গত গ্রীষ্মকালীন দলবদলে আলভারেজকে দলে নিতে আগ্রহী ছিল বার্সেলোনা। তবে আতলেতিকো তাকে ছাড়তে রাজি না হওয়ায় সেই চেষ্টা সফল হয়নি। ফলে ম্যাচটির আগে আলভারেজকে ঘিরে বাড়তি আগ্রহ ছিল।

গোলের পরও আক্রমণ অব্যাহত রাখে আতলেতিকো। আলভারেজের আরেকটি শট অবশ্য আটকে দেন বার্সা গোলরক্ষক গার্সিয়া। এদিকে শুরুতে ছন্দ খুঁজে পেতে সমস্যায় পড়লেও বিরতির আগে সমতায় ফেরে বার্সেলোনা। প্রতিপক্ষের রক্ষণে তৈরি হওয়া জটলার মধ্যে বল পেয়ে জোরালো শটে গোল করেন ফেরমিন লোপেজ। তার শটে পরাস্ত হন আতলেতিকোর গোলরক্ষক ইয়ান অবলাক।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন আলভারেজ। তবে তার চিপ শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ার খেসারত দিতে হয় আতলেতিকোকে ৬৬ মিনিটে।

লামিন ইয়ামালের দারুণ এক পাস আতলেতিকোর রক্ষণভাগ ভেদ করে পৌঁছে যায় ফেরমিনের কাছে। ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ২৩ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডার। চলতি মৌসুমে লা লিগায় ১১ ম্যাচে এটি তার সপ্তম গোল।

বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। নিজেদের সেরা ছন্দে না থেকেও প্রতিপক্ষের মাঠে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেছে ফ্লিকের দল। এ জয়ে স্বস্তি নিয়েই আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছে তারা।

এ জয়ের মাধ্যমে গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ও কোপা দেল রের ম্যাচে আতলেতিকোর কাছে হারের কিছুটা জবাবও দিয়েছে বার্সেলোনা। সাম্প্রতিক সময়ে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও রিয়াল মাদ্রিদের কাছে হেরে বড় ম্যাচে নিজেদের সামর্থ্য নিয়ে সমালোচনার মুখে পড়েছিল দলটি। আতলেতিকোর বিপক্ষে জয় দিয়ে সেই সমালোচনার জবাব দেওয়ার পাশাপাশি শিরোপার লড়াইয়েও নিজেদের অবস্থান ধরে রাখল কাতালান ক্লাবটি।


জ/শা 



  বিষয়:   লা লিগা  বার্সেলোনা  আতলেতিকো মাদ্রিদ 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত