দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনছে সরকার। একই সঙ্গে বিনা বেতনে পড়াশোনার সুযোগ দিতে টিউশন ফি সুবিধাও দেওয়া হবে। এ ছাড়া অনগ্রসর আরও ১২টি উপজেলাকে শতভাগ উপবৃত্তির কার্যক্রমে যুক্ত করা হচ্ছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী এ সুবিধা পাবেন, যা দেশের এ পর্যায়ের শতভাগ ছাত্রী। এর ফলে উপবৃত্তির মোট সুবিধাভোগীর সংখ্যা দাঁড়াবে ৯৯ লাখ ৩৪ হাজারে, অর্থাৎ প্রায় এক কোটি। পাশাপাশি প্রচলিত দারিদ্র্যভিত্তিক মূল্যায়নের মাধ্যমে ছাত্ররাও উপবৃত্তি পাবেন। এ কর্মসূচিতে সরকারের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা।
বিএনপির নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী ‘সমন্বিত উপবৃত্তি কর্মসূচি’ (হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম) সম্প্রসারণের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এর লক্ষ্য নারী শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের ঝরে পড়া কমানো, বাল্যবিবাহ রোধ এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা বাড়ানো। পাশাপাশি নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-৪) অনুযায়ী সবার জন্য অবৈতনিক শিক্ষা নিশ্চিত করাও এ কর্মসূচির উদ্দেশ্য।
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, দেশের আর্থসামাজিক রূপান্তর, মানবসম্পদ উন্নয়ন ও নারী শিক্ষার অগ্রযাত্রায় ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চালু করা উপবৃত্তি কর্মসূচি ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ।
তিনি বলেন, ওই কর্মসূচির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলসহ সারা দেশে ছাত্রীদের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হতো। এর ফলে মেয়েদের ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমে আসে এবং শিক্ষাক্ষেত্রে তাদের অংশগ্রহণ বাড়ে। নারী শিক্ষার প্রসারে বেগম খালেদা জিয়ার এ দূরদর্শী উদ্যোগ ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।
মাহদী আমিন আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পূর্বের সফল ধারাবাহিকতায় সারা দেশে শতভাগ ছাত্রীকে উপবৃত্তি দেওয়ার কর্মসূচি আবার চালু হতে যাচ্ছে। শিক্ষা খাত আধুনিকায়নে তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার, শিক্ষকদের মর্যাদা ও জীবনমান উন্নয়ন এবং শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও কর্মমুখী করার উদ্যোগও নেওয়া হয়েছে। এসব পদক্ষেপ নতুন প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সহায়ক হচ্ছে।
তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে শতভাগ উপবৃত্তি চালু হলে প্রান্তিক ও দরিদ্র পরিবারের মেয়েদের পড়াশোনার ব্যয়জনিত চাপ কমবে। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর আর্থসামাজিক ক্ষমতায়ন এবং এসডিজি-৪ অর্জনের অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় ‘ইমপ্রুভিং অ্যাক্সেস অ্যান্ড রিটেনশন থ্রু হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম’ স্কিমের চতুর্থ সংশোধনীর মাধ্যমে কর্মসূচির পরিধি ও ব্যয় বাড়ানো হয়েছে।
গত ৮ অক্টোবর অর্থ বিভাগের নীতিগত সিদ্ধান্তের পর ১১ নভেম্বর সংশোধিত ডকুমেন্টের অনুমোদন দেয় অর্থ বিভাগ। পরদিন ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় প্রশাসনিক অনুমোদন জারি করে। কর্মসূচিটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
সংশোধিত ডকুমেন্ট অনুযায়ী, স্কিমের মূল মেয়াদ ১ জুলাই ২০১৮ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত অপরিবর্তিত রাখা হয়েছে। তবে মোট ব্যয় ৩৮৮ কোটি ৮৮ লাখ টাকা বাড়ানো হয়েছে। তৃতীয় সংশোধনীতে অনুমোদিত ১৮ হাজার ৮০ কোটি ২৫ লাখ টাকার পরিবর্তে চতুর্থ সংশোধনীতে মোট ব্যয় ধরা হয়েছে ১৮ হাজার ৪৬৯ কোটি ১৩ লাখ টাকা।
২০২৬ সালের জুন পর্যন্ত এ স্কিমে প্রকৃত ব্যয় হয়েছে ১৩ হাজার ৭৬২ কোটি ৩৫ লাখ টাকা। আর্থিক অগ্রগতি ৭৪ শতাংশ। ২০২৬-২৭ অর্থবছরে স্কিমের প্রাক্কলিত ব্যয় ৪ হাজার ৭০৬ কোটি ৭৮ লাখ টাকা। এর মধ্যে শুধু উপবৃত্তি খাতে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা।
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে এ কর্মসূচির সুবিধাভোগী ছিলেন ৬৫ লাখ ২৫ হাজার শিক্ষার্থী। তাঁদের মধ্যে ছাত্রী ৩৯ লাখ ১৬ হাজার এবং ছাত্র ২৬ লাখ ৯ হাজার।
চতুর্থ সংশোধনীতে ২০২৬-২৭ অর্থবছরে ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী এবং ২৬ লাখ ১২ হাজার ছাত্রসহ মোট ৯৯ লাখ ৩৪ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার প্রাক্কলন করা হয়েছে।
এসইডিপির ডেপুটি প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক সাদেক আহমেদ খান বলেন, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শতভাগ ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে এবং অর্থ ছাড়ও হয়েছে।
উপবৃত্তি কর্মসূচির কাঠামো অনুযায়ী, ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে ‘ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট’সহ চারটি পৃথক প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের উপবৃত্তি চালু হয়। পরে ২০০২ সালে উচ্চমাধ্যমিক পর্যায়ে উপবৃত্তি চালু হয়। ধারাবাহিকভাবে সেকায়েপ, সেসিপ, এসইএসপি ও এইচএসএসপি একীভূত হয়ে বর্তমান সমন্বিত উপবৃত্তি কর্মসূচি গড়ে ওঠে।
নতুন কাঠামোয় সব ছাত্রী উপবৃত্তি ও টিউশন ফির আওতায় এলেও প্রক্সি-মিনস টেস্ট (পিএমটি) পদ্ধতি অনুসরণ করা হবে। তবে দারিদ্র্য যাচাইয়ের প্রক্রিয়ায় ছাত্রীরা বাদ পড়বেন না; তথ্যভান্ডার তৈরি ও গবেষণার জন্য তাঁদের তথ্য সংগ্রহ করা হবে।
অসচ্ছল পরিবারের ছেলেদের উপবৃত্তি দেওয়ার ক্ষেত্রে হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে-২০২২ অনুযায়ী ৩০টি প্রশ্নের ভিত্তিতে ওয়েইটেজ ও কাট-অফ মার্কস পদ্ধতিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
এ ছাড়া প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রাক্তন ছিটমহলবাসী এবং জুলাই যোদ্ধা শিক্ষার্থীরা বিশেষ অগ্রাধিকারসহ শতভাগ উপবৃত্তি পাবেন।
দেশের অনগ্রসর ১০টি উপজেলার সঙ্গে নতুন করে আরও ১২টি উপজেলা যুক্ত করা হচ্ছে। ফলে মোট ২২টি উপজেলার আবেদনের যোগ্য সব ছাত্রছাত্রী শতভাগ উপবৃত্তির সুবিধা পাবেন।
উপজেলাগুলো হলো-নাইক্ষ্যংছড়ি, আলীকদম, কুড়িগ্রাম সদর, রৌমারী, চর রাজিবপুর, চিলমারী, উলিপুর, ভুরুঙ্গামারী, কাহারোল, খানসামা, কুলিয়ারচর, মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম, খালিয়াজুরী, শাল্লা, ধর্মপাশা, দোয়ারাবাজার, আজমিরীগঞ্জ, হাতিয়া, চৌহালি ও মনপুরা।
স্কিম অনুযায়ী, উপবৃত্তি চালু রাখতে শিক্ষার্থীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে কমপক্ষে ৭৫ শতাংশ উপস্থিতি থাকতে হবে। বার্ষিক পরীক্ষায় অন্তত ৪৫ শতাংশ নম্বর অর্জন, শিক্ষা বোর্ডের নিবন্ধন এবং উচ্চমাধ্যমিক পর্যন্ত অবিবাহিত থাকাও বাধ্যতামূলক।
জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বায়োমেট্রিক নিবন্ধিত সিম যাচাইয়ের পর আইবাস++ ব্যবস্থার মাধ্যমে জিটুপি (সরকার থেকে ব্যক্তি) পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থী বা অভিভাবকের ব্যাংক, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং হিসাবে অর্থ পাঠানো হবে।
আগের সুবিধাভোগী ছাত্রীদের নতুন হিসাব খোলার প্রয়োজন হবে না। নতুন শিক্ষার্থীদের ক্ষেত্রে বাবা-মা বা অভিভাবকের এনআইডি ও নিবন্ধিত সিম ব্যবহার করে কেওয়াইসি সম্পন্ন করতে হবে অথবা যৌথ স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। শিক্ষার্থীর বয়স ১৮ বছর হলে হিসাবের তথ্য হালনাগাদ করতে হবে।
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক বলেন, জিটুপি পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থীদের হিসাবে উপবৃত্তি, টিউশন ফি, পাবলিক পরীক্ষার ফি ও বই কেনার অর্থ পাঠানো হবে। আগামী ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর মাধ্যমে কর্মসূচির উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে সফটওয়্যার ও তথ্যসংক্রান্ত জটিলতায় উপবৃত্তি থেকে বঞ্চিত প্রায় ১৬ লাখ শিক্ষার্থীর বকেয়া অর্থ পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্কিম-সংশ্লিষ্টরা জানান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে শতভাগ ছাত্রীকে উপবৃত্তির পাশাপাশি বিনা বেতনে পড়ার সুযোগ দিতে টিউশন ফি সুবিধাও চালু হচ্ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-ডিসেম্বর কিস্তির উপবৃত্তি, টিউশন ফি, দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফি এবং একাদশ শ্রেণির বই কেনার অর্থ দেওয়ার জন্য মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ চলছে।
রাজধানী ঢাকা থেকে শুরু করে সব বিভাগ, জেলা, উপজেলা ও মফস্বল পর্যায়ের শতভাগ ছাত্রী এ সুবিধা পাবেন। পাশাপাশি দারিদ্র্য ও মেধার ভিত্তিতে বাছাই করা ছাত্ররাও উপবৃত্তি ও অন্যান্য সুবিধার আওতায় আসবেন।
তবে রাজধানী ও বিভাগীয় শহরের নামীদামি বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্ধারিত হারের চেয়ে বেশি টিউশন ফি নেওয়ার প্রবণতা রয়েছে। এ কারণে এসব প্রতিষ্ঠানের তালিকাভুক্তি ও তথ্য এন্ট্রিতে অনীহা দেখা যাচ্ছে। এতে ওইসব প্রতিষ্ঠানে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির উপপরিচালক অধ্যাপক সাইফুল আলম বলেন, ছাত্রীদের শতভাগ উপবৃত্তি নিশ্চিত করতে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে দ্রুতগতিতে তথ্য সংগ্রহের কাজ চলছে। তবে বেশি বেতন নেওয়া কিছু শিক্ষাপ্রতিষ্ঠান উপবৃত্তি কর্মসূচির আওতায় আসতে অনাগ্রহ দেখাচ্ছে। এতে এসব প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। কর্মসূচি কার্যকর করতে এ বিষয়ে বাধ্যতামূলক নির্দেশনা থাকা জরুরি বলে মনে করেন তিনি।
অর্থ বিভাগ নির্ধারিত হার অনুযায়ী, শ্রেণিভেদে মাসিক উপবৃত্তির পরিমাণ ২০০ থেকে ৪০০ টাকা এবং টিউশন ফি ৩৫ থেকে ৮০ টাকা। এ ছাড়া দশম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার ফি ও বই কেনার জন্য ১ হাজার থেকে দেড় হাজার টাকা দেওয়া হবে। শিক্ষার্থীপ্রতি বার্ষিক ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৮২০ থেকে ৭ হাজার ২৬০ টাকা।
জ/দি