এসএসসির মেধাবী দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার

জবাবদিহি ডেস্ক

শিক্ষা

2026-11-24T16:28:26+06:00
2026-11-24T16:28:26+06:00
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
শিক্ষা
এসএসসির মেধাবী দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:২৮ পিএম | ২৪ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
Advertisement
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের মধ্যে দেড় হাজার জনকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে দেশের ১১টি শিক্ষা বোর্ড থেকে সর্বোচ্চ নম্বরধারী ১০০ জন করে মোট ১ হাজার ১০০ শিক্ষার্থীকে এ সুবিধা দেওয়ার কথা রয়েছে। তবে মেধাক্রমের ১০০তম অবস্থানে একাধিক শিক্ষার্থীর নম্বর সমান হলে তাঁদের বিবেচনায় অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষিত রাখা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ কর্মসূচি হাতে নিয়েছে। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী, শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সঙ্গে সম্পৃক্ত করা এবং ভালো ফলাফলে উৎসাহিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

প্রস্তাবনা অনুযায়ী, বোর্ডভিত্তিক মেধাক্রমের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডের প্রতিটি থেকে প্রাথমিকভাবে ১০০ জন করে মোট ১ হাজার ১০০ জন ল্যাপটপ পাবেন। তবে ১০০তম অবস্থানে একাধিক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সমান হলে তাঁদের অন্তর্ভুক্ত করতে অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ রাখা হয়েছে। সব মিলিয়ে সর্বোচ্চ দেড় হাজার শিক্ষার্থী এ সুবিধা পেতে পারেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অধীন ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ শীর্ষক স্কিমের আওতায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে। সরকারের ক্রয়পদ্ধতি (পিপিআর-২০২৫) অনুসরণ করে ল্যাপটপ কেনা হবে। ২০২৭ সালের ফেব্রুয়ারি-মার্চের মধ্যে শিক্ষার্থীদের হাতে এসব ল্যাপটপ তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথমে সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা ছিল। তবে সরকার ধাপে ধাপে কর্মসূচিটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ধাপে দেড় হাজার শিক্ষার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণে আনুমানিক ১৬ থেকে ১৭ কোটি টাকা ব্যয় হতে পারে।

এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘আমরা প্রাথমিক পর্যায়ে ১১টি বোর্ড থেকে মেধাক্রমের ভিত্তিতে শীর্ষ দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এর পরিসর আরও বাড়ানো হবে।’

তিনি বলেন, মেধাতালিকায় একাধিক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সমান হলে তাঁদের বিষয়টি বিবেচনায় নিয়ে অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষণ করা হয়েছে। ভবিষ্যতে এইচএসসি পর্যায়ের মেধাবীদের জন্যও এ ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ স্কিমের পরিচালক অধ্যাপক মো. ফিরোজ আলম বলেন, ‘শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে তাদের সম্পৃক্ত করতে এই পুরস্কার দেওয়া হচ্ছে। শিক্ষা বোর্ডগুলো নিজস্ব তথ্যভাণ্ডার যাচাই করে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এবং শতভাগ মেধার ভিত্তিতে এ তালিকা চূড়ান্ত করে পাঠাবে।’

তিনি আরও জানান, প্রতিটি ল্যাপটপ যেন আধুনিক মানের ও মানসম্মত কনফিগারেশনের হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। ল্যাপটপের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে ১১টি শিক্ষা বোর্ডকে সম্পৃক্ত করে সেগুলো হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

শিক্ষার্থী নির্বাচনে শুধু জিপিএ-৫ নয়, পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরকে গুরুত্ব দেওয়া হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে বিজ্ঞান বিভাগ থেকে ৫০ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৩০ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২০ শতাংশ শিক্ষার্থী নির্বাচনের কাঠামো অনুসরণ করা হয়েছে। তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা এবং বিভাগভিত্তিক বিন্যাস বিবেচনায় কিছুটা ভিন্ন পদ্ধতি নেওয়া হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি বোর্ড থেকে সর্বোচ্চ নম্বরধারী ১০০ জন শিক্ষার্থী বাছাই করে চূড়ান্ত তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানিয়েছেন, দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে।

সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করা এবং উচ্চশিক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাঁদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এ প্রণোদনা দেওয়া হচ্ছে। সুত্র : বাসস

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত