মার্কিন ফেডারেল সংস্থাগুলোর নেওয়া নীতি ও সিদ্ধান্ত দেশজুড়ে একযোগে বাতিল করার ক্ষেত্রে বিচারকদের দীর্ঘদিনের ক্ষমতা আরও সীমিত করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
গত বছর দেশব্যাপী নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে বিচারকদের ক্ষমতা সীমিত করতে সফল হওয়ার পর এবার প্রশাসনিক কার্যপ্রণালি আইন (এপিএ) অনুযায়ী বিচারকদের থাকা আরেকটি ক্ষমতা চ্যালেঞ্জ করেছে ট্রাম্প প্রশাসন। সুপ্রিম কোর্ট সরকারের পক্ষে রায় দিলে প্রেসিডেন্টের পক্ষে আইনি বাধা ছাড়াই বিভিন্ন নীতি বাস্তবায়ন সহজ হবে।
ট্রাম্প প্রশাসনের যুক্তি, কোনো সরকারি সংস্থার প্রণীত বিধিমালা আদালত পুরোপুরি বাতিল করতে পারবে না। বরং কোনো মামলায় আদালতের দেওয়া প্রতিকার কেবল সংশ্লিষ্ট মামলার বাদীদের ক্ষেত্রেই সীমাবদ্ধ রাখতে হবে।
ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক আইন বিশেষজ্ঞ আদিত্য বামজাইয়ের মতে, এ মামলায় ট্রাম্প প্রশাসন জয়ী হলে বিতর্কিত বিধিমালা মামলার বাদীদের বাইরে অন্য সবার ক্ষেত্রে কার্যকর রাখতে পারবে সরকার। এমনকি আদালত কোনো বিধিমালাকে বেআইনি ঘোষণা করার পরও আইনি লড়াই চলাকালে বছরের পর বছর সেটি কার্যকর থাকতে পারে।
বামজাই বলেন, এ ধরনের রায় নির্বাহী বিভাগকে আরও বেশি স্বাধীনতা দেবে। তবে সেই স্বাধীনতাকে ইতিবাচক না নেতিবাচক হিসেবে দেখা হবে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট প্রশাসনের নীতির প্রতি ব্যক্তির সমর্থন বা বিরোধিতার ওপর।
২০২৫ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর অভিবাসন কঠোর করা, গণবহিষ্কার এবং ট্রান্সজেন্ডার অধিকারসহ বিভিন্ন বিষয়ে একের পর এক কঠোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এসব নীতির বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। বিভিন্ন আদালতের বিচারকরা সেগুলোর কিছু আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিচার বিভাগের দীর্ঘদিনের বিরোধ তৈরি হয়েছে।
এর আগে গত বছরের জুনে ট্রাম্প প্রশাসনের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট দেশজুড়ে কার্যকর ‘ইউনিভার্সাল ইনজাংশন’ বা সর্বজনীন নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে বিচারকদের ক্ষমতা সীমিত করেন। তবে আইনের অন্য একটি ধারার কারণে ফেডারেল সংস্থার বেআইনি বিধিমালা দেশজুড়ে বাতিল করার ক্ষমতা বিচারকদের হাতে থেকে যায়।
নতুন আপিলে সেই ক্ষমতাও সীমিত করার আবেদন জানিয়েছে ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ। আগামী বছরের শুরুতে সুপ্রিম কোর্ট মামলাটি শুনানির জন্য গ্রহণ করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
টেক্সাসের কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের করা একটি মামলাকে কেন্দ্র করে এ আপিলের সূত্রপাত। ট্রাম্পের প্রথম মেয়াদে প্রণীত একটি আইনের আওতায় তৈরি স্বাস্থ্য খাতের কয়েকটি বিধিমালা চ্যালেঞ্জ করেছিলেন ওই চিকিৎসকরা। এর পরিপ্রেক্ষিতে গত আগস্টে একটি আপিল আদালত বিধিমালাটির কিছু অংশ দেশজুড়ে বাতিল ঘোষণা করেন।
ট্রাম্প প্রশাসন এখন বিধিমালাটির বৈধতা নিয়ে বিতর্ক না করে সরাসরি এপিএর আওতায় আদালতের ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে। এর লক্ষ্য, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরকারি নীতি বাস্তবায়নের ক্ষেত্রে আদালতের বাধা সীমিত করা।
আইন বিশেষজ্ঞদের আশঙ্কা, ট্রাম্প প্রশাসন এ লড়াইয়ে জয়ী হলে কোনো সরকারি বিধি আদালত অবৈধ ঘোষণা করার পরও মামলা চলাকালে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর সেটি সাধারণ মানুষের ওপর কার্যকর থাকতে পারে।
অন্যদিকে, টেক্সাস ও ফ্লোরিডাসহ বিভিন্ন অঙ্গরাজ্য সরকার এবং আইন বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতা ঠেকাতে বিচারকদের হাতে এই ক্ষমতা থাকা জরুরি। সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দিলে সাধারণ মানুষ ও অঙ্গরাজ্যগুলোর জন্য সরকারের অবৈধ বিধিমালা চূড়ান্তভাবে বাতিল করানো আরও কঠিন হয়ে পড়বে। সূত্র: আরব নিউজ, রয়টার্স
জ/দি